Chandannagar Freedom Fighters

স্বাধীনতা সংগ্রামীদের ছবির পিছনে উলটানো তেরঙা, মূর্তি ঘিরে ত্রিশুল! প্রতিবাদ চন্দননগরে

জেলা

স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর ছবির পিছনে তেরঙার ক্রমসজ্জা উলটে গিয়েছে।

সশস্ত্র স্বাধীনতা সংগ্রামীদের ছবির পেছনে তেরঙা দেখানো হয়েছে। কিন্তু ওপরে গেরুয়ার বদলে সবুজ।
জাতীয় পতাকায় ওপরে থাকে গেরুয়া, মাঝে সাদা, নিচে সবুজ। কিন্তু বিপ্লবীদের ছবির পিছনে এই ‘উলটানো তিনরঙা’ ঘিরে বিতর্ক চরমে উঠেছে বিপ্লবতীর্থ চন্দননগরে। কেবল তা-ই নয় বিপ্লবী কানাইলাল দত্তের মূর্তি কেন ত্রিশূল দিয়ে ঘেরা হলো উঠেছে সে প্রশ্নও। প্রতিবাদ জানিয়ে চন্দননগর থানায় ডেপুটেশন দিয়েছে এসএফআই, ডিওয়াইএফআই এবং মহিলা সমিতি।
চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা এখন রাজ্য উৎসব হিসেবে ঘোষিত। সেই উৎসবকে ঘিরে সাজসজ্জা চলছে চন্দননগরে। এক জায়গায় বিপ্লবীদের নামাঙ্কিত ফলক, হোর্ডিং, ব্যানার দিয়ে নানা সাজানো হয়েছে স্তম্ভ। কিন্তু রয়েছে একাধিক অসঙ্গতি। 
বিপ্লবী কানাইলাল দত্তের আত্মবলিদান দিবসের দিন দেখা গেলো চন্দননগরের সন্তান মহান বিপ্লবীর মর্মর মূর্তির চারিদিকে ত্রিশূল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। 
অন্যদিকে স্ট্রান্ডের দিকের সাজ সজ্জায় বিপ্লবী রাসবিহারী বসু সহ বরেণ্য বিপ্লবীদের ছবির পেছনে দেখা যায় উলটানো তেরঙার ছবি। যার প্রতিবাদ জানিয়েছে এসএফআই চন্দননগর ১ ও ২ আঞ্চলিক কমিটি। তাদের উদ্যোগে বিপ্লবী কানাইলাল দত্তের শহীদ দিবস পালন করা হয়। মাল্যদান করতে এসে এসএফআই কর্মীরা বলেন বিপ্লবী কানাইলাল দত্তের মতো অগ্নিযুগের বিপ্লবীর মর্মর মূর্তিকে ত্রিশূল দিয়ে ঘিরে না দিলে চলছিল না? এটা কি দেশের মুক্তি সংগ্রামে রক্ত দেওয়া মহান বিপ্লবীদের অপমান নয়?
মঙ্গলবার সন্ধ্যায় এসএফআই, ডিওয়াইএফআই, মহিলা সমিতি সহ একাধিক সংগঠনের পক্ষ থেকে চন্দননগর থানায় ডেপুটেশন দেওয়া হয়। সিপিআই(এম) জেলা কমিটির সদস্য ঐকতান দাশগুপ্ত জানান আসলে যারা দেশপ্রেমের কথা, রাষ্ট্রবাদের কথা বলে এদের শিক্ষা তো আসলে নাগপুর থেকে। সেই নাগপুর জাতীয় পতাকার প্রথম বিরোধিতা করেছিল যে ত্রিবর্নরঞ্জিত পতাকা অশুভ। দীর্ঘ সময় তারা জাতীয় পতাকাকে শ্রদ্ধা সম্মান জানায়নি। যারা জাতীয় পতাকাকে মর্যাদা দিত না তাদের উত্তরসূরীরা এখন সরকার চালাচ্ছে। এরা চিরকাল ব্রিটিশের দালালি করেছে। জাতীয় পতাকা এখন উল্টো হয়ে আয়ারল্যান্ডের পতাকা হয়ে গেছে।

Comments :0

Login to leave a comment