বাংলাদেশে ফেরার প্রস্তুতি শুরু করেছেন সে দেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (NID) জন্য আবেদন করেছেন তিনি। সূত্রের খবর, আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। তবে হাসিনাকে নতুন করে নথি দেওয়ার পরিবর্তে প্রত্যর্পণ চুক্তি মেনে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবিতে অনড় ঢাকা। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট জানিয়েছেন, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণ করতে হবে। তার বক্তব্য, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি কার্যকর রয়েছে। ফলে নতুন পাসপোর্ট দেওয়ার পরিবর্তে সেই চুক্তির আওতায় হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া উচিত।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার শেখ হাসিনার আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে নতুন নথি ও পরিচয়পত্রের জন্য আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছেন। লন্ডনভিত্তিক আইনজীবী সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে ওই চিঠি পাঠানো হয়েছে। ২০২৪ সালের অগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম তার তরফে এ ধরনের আবেদন জানানো হলো।
চিঠিতে জানানো হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার পুরনো পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করে দিয়েছিল। সেই কারণে বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। ছাত্রদের আন্দোলন ক্রমে গণবিক্ষোভের চেহারা নেয়। প্রবল জনরোষের মুখে দীর্ঘ দু’দশকেরও বেশি সময়ের শাসনের অবসান ঘটে শেখ হাসিনার। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন তিনি। গত দু’বছর ধরে ভারতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সম্প্রতি ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
তবে বাংলাদেশে ফিরলে একাধিক আইনি জটিলতার মুখে পড়তে পারেন হাসিনা। ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের উপর দমন-পীড়নের অভিযোগে এই রায় দেওয়া হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা। তার বক্তব্য, দেশে ফিরলে আদালতে আত্মসমর্পণ করবেন।
এদিকে, শেখ হাসিনার দল আওয়ামী লিগকেও বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। তার সরকারের পতনের পর দলের একাধিক নেতা ও কর্মী গ্রেপ্তার হয়েছেন। অনেকে দেশ ছেড়ে ভারত-সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। ফলে হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নটি শুধু ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যতের বিষয় নয়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গেও গভীরভাবে যুক্ত।
Sheikh Hasina
বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয় পত্রের আবেদন
×
Comments :0