Israel Govt Formation

ইজরায়েলের সরকার গড়ার জন্য ৬ সপ্তাহ সময় এইসেনকটকে, মরিয়া নেতানিয়াহুও

আন্তর্জাতিক

অক্টোবরের শেষে ইজরায়েলের রাস্তায় পোস্টারে বলা হচ্ছে ভাগ হয়ে গেলে সেই নেতানিয়াহু।

ইজরায়েলে জাতীয় জরুরি সরকার গড়ার লক্ষ্য জানিয়ে পুরোদমে নামলেন গাদি এইসেনকট। রাষ্ট্রপতি আইজাক হেরজগ তাঁকে মোট ৬ সপ্তাহ সময় দিয়েছেন। 
নিজের পক্ষে গরিষ্ঠতা প্রমাণ করতে হবে ইয়াশর পার্টির নেতা এইসেনকটকে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী থাকবেন না ‘বিবি’, বেঞ্জামিন নেতানিয়াহু। 
ইজরায়েলের নির্বাচনে নেতানিয়াহু বা এইসেনকট, কারও জোটই নিরঙ্কুশ গরিষ্ঠতা পায়নি। কিন্তু ১২০ আসনে জাতীয় জনপ্রতিনিধিসভা নেসেটে নির্বাচনের পর জয়ীদের ৬৭ জন এইসেনকটকে সমর্থন জানিয়েছেন। 
গাজায় গণহত্যা বা প্যালেস্তাইনের অন্য অংশ ওয়েস্ট ব্যাঙ্কে লোক ঢুকিয়ে ক্রমাগত হামলা চালানোর পরও ইজরায়েলের গরিষ্ঠ অংশের ভরসা জোটাতে পারেননি নেতানিয়াহু। গত ৩০ বছরের বেশিরভাগ সময়েই কোনও না কোনও ভাবে ক্ষমতায় থেকেছেন প্যালেস্তাইন বিরোধী উগ্র বিদ্বেষ প্রচারে পটু এই নেতা।  
পর্যবেক্ষকদের একাংশের মতে ভোটের রায় এইসেনকটের পক্ষে নয়। তবে নেতানিয়াহুর বিপক্ষে। 
রাষ্ট্রপতি হেরজগ এইসেনকটকে ২৮ দিনের মধ্যেই গরিষ্ঠতা প্রমাণ নিশ্চিত করতে বলেছেন। প্রয়োজনে আরও ১৪ দিন বাড়তি সময় চাইতে পারেন তিনি। 
এদিকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর এইসেনকট বলেছেন, ‘‘জাতীয় জরুরি সরকার গড়তে সব রকমের চেষ্টা চালাচ্ছি।’’
এইসেনকটের পক্ষে সমর্থন বেশি থাকার কারণ ‘আরব নেতৃত্বাধীন’ দুই দল ইউনাইটেড লিস্ট এবং তিন দলের জোট জয়েন্ট লিস্টের মোট ১৯ আসনে জয়। এই দুই শক্তি নেতানিয়াহুকে দূরে রাখতে সমর্থন জানিয়েছে এইসেনকটকে। ঘটনা হলো, নেতানিয়াহুও বসে নেই। তিনি ‘জাতীয় সরকার’ গড়ার ডাক দিয়েছেন ‘আরব দল’ নির্ভর সরকার গঠন ঠেকাতে। 
সমস্যা এইসেনকটেরও রয়েছে। তাঁর নিজের দল ইয়াশর পার্টি জোট করেছে ইয়ার গোলান এবং নাফতালি বেনেট নেতৃত্বাধীন দলের সঙ্গে। মধ্যপন্থী এই দুই দলের পাশাপাশি তাঁর সঙ্গী দক্ষিণপন্থী দল ‘ইসরায়েল বেইতেইনু’। তাঁর জোটের মিলিত আসন ৪৮। গরিষ্ঠতা নিশ্চিত করতে প্রয়োজন ৬১ আসন। কিন্তু দুই ‘আরব দল’-র সমর্থন চাইলে জোটের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে মনে করছেন পর্যবেক্ষকরা। 
নেতানিয়াহুর ধর্মীয় উগ্র জাতীয়তাবাদী জোটের আসন ৬৩ থেকে কমে হয়েছে ৫৩। আরও ৮ আসনে সমর্থন জোটাতে মরিয়া তিনিও।

Comments :0

Login to leave a comment