TALA

বৃষ্টি ছাড়াই জলমগ্ন টালা, ফাটল ট্যাঙ্কের পাইপে! বিপর্যস্ত জনজীবন, বন্ধ রেল চলাচল

কলকাতা

বৃষ্টি হয়নি, অথচ জলমগ্ন গোটা এলাকা। রাস্তা দিয়ে বইছে জল, এমনকী জল ঢুকে পড়েছে রেললাইনেও। টালা ট্যাঙ্কের পাইপ ফেটে বিপর্যস্ত উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা। সোমবার ভোররাত থেকেই এই বিপত্তি শুরু হয়েছে। টালা, ঘোষবাগান, টালা স্টেশন ও পোস্ট অফিস সংলগ্ন এলাকায় জল জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে রেল চলাচলও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টালার কিছু অংশে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই এই সমস্যা দেখা দেয়। ভোররাতে টালা ট্যাঙ্কের পাইপ ফেটে বিপুল পরিমাণ জল রাস্তায় ছড়িয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে বাসিন্দারা দেখেন, রাস্তাগুলি জলের তলায়। কোথাও কোমরসমান জল জমে গিয়েছে। জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে।
বিশেষ করে টালা স্টেশন ও পোস্ট অফিস সংলগ্ন এলাকায় পরিস্থিতি ভয়াবহ। রেললাইনে জল জমে যাওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রী ও কর্মব্যস্ত মানুষ। জলমগ্ন এলাকায় যান চলাচল ও স্বাভাবিক জনজীবনও ব্যাহত হয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পৌরসভার কর্মীরা। শুরু হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার কাজ। তবে পাইপ ফেটে যাওয়ার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার নিকাশি ও পরিকাঠামোগত সমস্যা নিয়ে পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
প্রশ্ন উঠছে, পানীয় জলের মতো গুরুত্বপূর্ণ পরিষেবার পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ নিয়ে। একটি পাইপ ফেটে যাওয়ার ঘটনায় কীভাবে এত বড় বিপর্যয় ঘটল, তা নিয়েও প্রশ্ন তুলছেন বাসিন্দারা। দ্রুত পাইপ মেরামত, জমা জল সরানো এবং রেল চলাচল স্বাভাবিক করার দাবি উঠেছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিও জানিয়েছেন স্থানীয়রা।

Comments :0

Login to leave a comment