Drowning

ডুডুয়া ও জলঢাকা নদীতে তলিয়ে মৃত দুই

জেলা

বৃহস্পতিবার দুপুরে পৃথক ঘটনায় নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো এক যুবক ও এক কিশোরের। ধূপগুড়ির ডুডুয়া নদীতে তলিয়ে মৃত্যু হয়েছে রজত রায়(২১) নামে এক যুবকের এবং ময়নাগুড়ির জলঢাকা নদীতে মৃত্যু হয়েছে রিক দেবনাথ(১২) নামে এক কিশোরের। এই দুটি মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ধূপগুড়ি ও ময়নাগুড়ি এলাকায়।
ধূপগুড়ি মহকুমার সাঁকোয়াঝোড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নেপালি বস্তি এলাকায় দুপুরে বন্ধুদের সঙ্গে ডুডুয়া নদীতে স্নান করতে গিয়েছিলেন পূর্ব মল্লিকপাড়ার বাসিন্দা রজত রায়। স্নানের সময় পাহাড়ি নদীর প্রবল স্রোতে হঠাৎই তলিয়ে যান তিনি। সঙ্গীরা বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও সফল হননি। খবর পেয়ে স্থানীয়রা তল্লাশি শুরু করেন। পরে ধূপগুড়ি থানার পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর রজতের নিথর দেহ উদ্ধার করে। অত্যন্ত শান্ত স্বভাবের রজতের মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ। ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।


অন্যদিকে, ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের বারোহাতী সংলগ্ন জলঢাকা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হয় রিক দেবনাথ (১২)। এদিন দুপুরে রিক তার চার বন্ধুর সঙ্গে নদীতে নেমেছিল। স্নানের সময় তারা নদীর গভীর অংশে তলিয়ে যেতে শুরু করলে স্থানীয়রা তড়িঘড়ি তিনজনকে উদ্ধার করতে পারলেও, রিক স্রোতে ভেসে যায়। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালানোর পর নৌকা বিহার সংলগ্ন এলাকা থেকে কিশোরের দেহ উদ্ধার হয়। ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
 

Comments :0

Login to leave a comment