VD Satheesan

কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন

জাতীয়

কেরালার মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঠিক করতে কংগ্রেস নেতৃবৃন্দ গত কয়েকদিন ধরে রাজ্যের শীর্ষ নেতাদের সঙ্গে প্রাক্তন প্রদেশ সভাপতিদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছেন। তারপরও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। বৃহস্পতিবার কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ভি ডি সতীশনের নাম ঘোষণার সাথে সাথে মুখ্যমন্ত্রীকে ঘিরে থাকা অনিশ্চয়তার অবসান ঘটেছে। 
গত নয় দিন ধরে চলা রাজনৈতিক নাটকের অবশেষে অবসান ঘটল। বিধানসভা দলের নেতার নাম ঘোষণা করতে কংগ্রেস একটি সংবাদ সম্মেলন করে। গত বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর মধ্যে একটি আলোচনা হয়। আলোচনা প্রসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ জানান যে, কেরালার কংগ্রেস বিধানসভা দলের সদস্যদের অনুমোদন পাওয়ার পর কংগ্রেস হাইকমান্ড সমস্ত আলোচনা চূড়ান্ত করেছে।
ভি ডি সতীশন সোমবার শপথ গ্রহণ করবেন। মুখ্যমন্ত্রীর বিষয়টি সমাধান হওয়ার পর, নতুন মন্ত্রিসভার গঠন নিয়ে ইউডিএফের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়েছে। ২০ জন মন্ত্রীই যাতে ভি ডি সতীশনের সঙ্গে শপথ নেন, তা নিশ্চিত করার চেষ্টা চলছে। কেরালায় শপথগ্রহণ অনুষ্ঠানে জোটসঙ্গীদের নেতারা মুখ্যমন্ত্রীর সাথে শপথ গ্রহণ করেন। সরকার গঠনের দাবি জানাতে কংগ্রেস নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনে এসে পৌঁছেছেন। সূত্রের খবর দপ্তর বণ্টন এবং মন্ত্রীর প্রতিনিধিত্ব নিয়ে কংগ্রেস নেতৃত্ব এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ও কেরালা কংগ্রেসের মধ্যে আলোচনা চলছে। 
কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ১০২টি আসন জিতে ১৪০ সদস্যের কেরালা বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মুখ্যমন্ত্রী পদের জন্য ভি ডি সসতীশনের পাশাপাশি রমেশ চেন্নিথালা এবং কে সি ভেনুগোপালের নামও আলোচিত হয়েছিল, কিন্তু হাইকমান্ডের চূড়ান্ত আলোচনার পর ভি ডি সতীশনের বিষয়েই ঐকমত্যে পৌঁছানো হয়। ভি ডি সতীশন গত পাঁচ বছর ধরে বিরোধী দলের নেতা ছিলেন।

Comments :0

Login to leave a comment