টিভিকে নেতা বিজয়কে গরিষ্ঠতা প্রমাণের সুযোগ বিধানসভায় দেওয়ার দাবি তুলল দুই বামপন্থী দল। সিপিআই এবং সিপিআই(এম) একইসঙ্গে জানিয়েছে যে দুই দলই ডিএমকে’র সঙ্গে রয়েছে।
টিভিকে নেতা বিজয়কে সরকার গড়ার সুযোগ দেবেন কিনা স্পষ্ট করছেন না রাজ্যপাল। তামিলনাডুর লোকভবনে বৃহস্পতিবার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে ফের দেখা করেছেন বিজয়। তবে রাজ্যপাল নির্দিষ্ট অবস্থান জানাননি।
শুক্রবার আলাদা করে বৈঠকে বসবে সিপিআই(এম) এবং সিপিআই। আলোচনা হবে অপর দল ভিসিকে’র সঙ্গেও। বামপন্থীদের বক্তব্য, বিধানসভার ভেতরেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সঠিক জায়গা। বিজয়কে সুযোগ দেওয়া হলে বিধানসভায় তাঁর পক্ষে কতজন বিধায়ক রয়েছেন পরিষ্কার করে দেবে ‘ফ্লোর টেস্ট‘।
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ টি আসনের মধ্যে ১০৮ টি আসনে জয়লাভ করে। তবে, সরকার গঠনের জন্য ১১৮ টি আসনে সংখ্যা গরিষ্ঠতা পাওয়া প্রয়োজন। ভোট পরবর্তী পরিস্থিতিতে বিজয়কে সমর্থন জানায় কংগ্রেস। ফলে কংগ্রেসের ৫ বিধায়ককে ধরে বিজয়ের পক্ষে সমর্থন ১১৩ বিধায়কের।
আরেকদিকে ডিএমকে ৫৯টি, এআইএডিএমকে ৪৭টি, পিএমকে ৪টি, আইইউএমএল ২টি, সিপিআই ২টি, ভিসিকে ২টি এবং সিপিআই(এম) ২টি আসন জিতেছে। বিজেপি, ডিএমডিকে এবং এএমএমকে ১টি করে আসন জিতেছে।
এই অবস্থায় সিপিআই(এম), সিপিআই’র মোট আসন ৪ এবং ভিসিকে’র ২ আসন ধরে ৬ বিধায়ক রয়েছে। এখন এই তিন দলেরই ওপর নজর রয়েছে রাজনৈতিক মহলের।
তামিলনাডুতে রাজ্যপালের অবস্থান ঘিরে বিভিন্ন প্রশ্ন উঠেছে। রীতি অনুযায়ী নিরঙ্কুশ গরিষ্ঠতা না থাকলে সবচেয়ে বড় দল বা জোটকে সরকার গড়তে ডাকেন রাজ্যপাল। এরপর বিধানসভায় গরিষ্ঠতা প্রমাণ করতে হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অন্য কোনও দল সরকার গঠনের দাবি জানায়নি। তা’হলে বিজয়কে গরিষ্ঠতা প্রমাণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে দেরি কেন স্পষ্ট করেননি রাজ্যপাল। তবে তাঁর দপ্তরের বিভিন্ন সূত্র সংবাদমাধ্যমে বলেছে যে বিজয়ের গরিষ্ঠতা সম্পর্কে এখনও নিঃসংশয় হতে পারেননি রাজ্যপাল।
Tamil Nadu Left
বিধানসভায় বিজয়কে গরিষ্ঠতা প্রমাণের সুযোগ দেওয়ার দাবি বামপন্থীদের
রাজভবনে বিজয়।
×
Comments :0