রাজ্যপালের সম্মতি পেলেন টিভিকে নেতা বিজয়। শনিবার সকাল এগারোটাতেই শপথ নিতে চলেছেন তিনি। সিপিআই(এম) এবং সিপিআই তাঁকে সমর্থনের সিদ্ধান্ত লিখিতভাবে রাজ্যপালকে জানানোর পর তামিলনাডুতে কেটেছে অচলাবস্থা।
তামিলনাডুর নির্বাচনে বিজয় সবচেয়ে বেশি আসন পেলেও বিধানসভায় গরিষ্ঠতার চেয়ে কিছু আসন কম ছিল। রাজ্যপাল সেটিকেই হাতিয়ার করেন। বিধানসভায় গরিষ্ঠতা প্রমাণের সুযোগ দেননি বিজয়কে।
সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবিও নির্দিষ্ট করে জানিয়ে দেন যে রাজ্যপালের ঘরে নয়, সবচেয়ে বড় দলকে গরিষ্ঠতা প্রমাণের সুযোগ দেওয়া উচিত বিধানসভায়। অচলাবস্থা কাটাতে ভূমিকা নিচ্ছে সিপিআই(এম) এবং বামপন্থীরা।
বিজয়কে কংগ্রেস সমর্থন করায় তাঁর পক্ষে সমর্থন পৌঁছায় ১১৩-তে। গরিষ্ঠতার জন্য দরকার ছিল ১১৭ বিধায়কের সমর্থন। সিপিআই(এম)’র ২, সিপিআই’র ২ বিধায়কের পাশাপাশি ভিসিকে’র ১ বিধায়কের সমর্থন এদিন নিশ্চিত হয়ে যায়।
কংগ্রেসের পাশাপাশি দুই বামপন্থী দল বিধানসভা ভোটে লড়েন ডিএমকে’র সঙ্গে বোঝাপড়ায়। সিপিআই(এম) জানায় যে ডিএমকে’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবা হচ্ছে না।
এদিকে ডিএমকে’র লোকসভা দলনেতা কানিমোড়ি অধ্যক্ষকে চিঠি পাঠিয়ে কংগ্রেসের থেকে আলাদা বসার জন্য ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। কংগ্রেস-ডিএমকে বোঝাপড়া কোন দিকে যায় তা নিয়েও গভীর উৎসাহ রয়েছে রাজনৈতিক মহলে।
সিপিআই(এম) তামিলনাডু রাজ্য কমিটি বিবৃতিতে বলেছে, গরিষ্ঠতম দল হওয়া সত্ত্বেও জোসেফ বিজয়কে সরকার গড়তে না ডেকে রাজ্যপাল বুঝিয়েছেন তিনি নিরপেক্ষ অবস্থান নিয়ে চলছেন না। রাজ্যপাল দীর্ঘদিনের রীতি এবং বিচার বিভাগের রায়কে অগ্রাহ্য করেছেন। সিপিআই(এম) নিশ্চিত করতে চেয়েছে যাতে রাষ্ট্রপতির শাসন জারি না করা যায়। বিজেপি যাতে পিছনের দরজা দিয়ে সরকারে আসীন হতে না পারে। সে কারণেই জোসেফ বিজয়ের তামিলগা ভেতরি কাঝাঘাম (টিভিকে)-কে সমর্থন করা প্রয়োজন। রাজ্যপালের অগণতান্ত্রিক প্রচেষ্টাকে পরাজিত করতেই এই সিদ্ধান্ত। সেই সঙ্গে সিপিআই(এম) জানিয়েছে যে সরকারে অংশ নেওণা হবে না। কেবলমাত্র বাইরে থেকে সমর্থন করা হবে।
Vijay Oath Tamil Nadu
কাটছে অচলাবস্থা, তামিলনাডুতে কাল শপথ বিজয়ের
জোসেফ বিজয়ের সঙ্গে সমর্থনের বার্তা নিয়ে সিপিআই(এম) নেতৃবৃন্দ।
×
Comments :0