Kidnapped

যুবক অপহরণ, পুলিশকে লক্ষ্য করে গুলি, ইসলামপুরে ধৃত দুই

জেলা

ছবি প্রতিকী

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বৃহস্পতিবার দিনদুপুরে এক যুবককে অপহরণ করে পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার অন্তর্গত তিনপুল-ছৌসিয়া এলাকায়। পুলিশের তৎপরতায় অপহৃত যুবককে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ঘটনায় জড়িত ব্যবহৃত গাড়ি চালককে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ ছৌসিয়া এলাকায় একটি ছোট চারচাকা গাড়ি দুই বাইক আরোহীকে ধাক্কা মারে। অভিযোগ, এরপর গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি নেমে এসে বাইকে থাকা এক যুবককে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। তবে অন্য জনকে তুলতে গেলে সে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাটি প্রত্যক্ষ করেন বাসিন্দা হারুন রশিদ। তিনি সঙ্গে সঙ্গে অপহরণকারীদের গাড়ির পিছু নেন এবং ইসলামপুর থানার পুলিশকে বিষয়টি জানান।
খবর পাওয়ার পর ইসলামপুর থানার পুলিশ দ্রুত নাকা চেকিং শুরু করে আগডিমটি খন্তি এলাকায়। সন্দেহভাজন গাড়িটিকে আটকানোর চেষ্টা করা হলে গাড়িতে থাকা দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এরপর তারা পাটক্ষেতের মধ্য দিয়ে পালিয়ে যায় সুজালির দিকে। যদিও পুলিশের তৎপরতায় গাড়িটিকে আটক করা সম্ভব হয় এবং গাড়ির চালককে আটক ও অপহৃতকে উদ্ধার করা হয়।
পুলিশ অপহৃত যুবককে উদ্ধার করে ইসলামপুর থানায় নিয়ে  যায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, অপহৃত যুবক অপহরণকারীদের কাউকেই চিনতে পারেননি। ফলে অপহরণের উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
প্রত্যক্ষদর্শী হারুন রশিদ বলেন, ‘‘ঘটনাটি চোখের সামনে ঘটতে দেখে আমি সঙ্গে সঙ্গে গাড়িটির পিছু নিই এবং পুলিশকে খবর দিই। পুলিশের দ্রুত পদক্ষেপের কারণেই যুবককে উদ্ধার করা সম্ভব হয়েছে।’’ ইসলামপুর জেলার পুলিশ আধিকারিক সোম শুভ্র কাপ্রি জানান, ‘‘যাকে অপহরণ করা হয়েছিল, সে অপহরণকারীদের চেনে না বলে জানিয়েছে। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।’’
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Comments :0

Login to leave a comment