শনিবার রেশন দুর্নীতি কান্ডে একাধিক জায়গায় ইডি অভিযান। রাজ্যে যখন পুরোদমে নির্বাচনী আবহাওয়া বিরাজ করছে, ঠিক সেই সময়েই এই তল্লাশি অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।
ইডি’র আধিকারিকরা জানিয়েছেন, কলকাতা, বর্ধমান এবং হাবড়ায় সরবরাহকারী ও রফতানিকারকদের প্রায় ন’টি ঠিকানায় এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। ইডি-র এই তদন্তটি মূলত ২০২০ সালের অক্টোবরে বসিরহাটে দায়ের হওয়া একটি এফআইআর-এর ভিত্তিতে শুরু হয়েছিল। ল্যান্ড কাস্টমস স্টেশনের এক ডেপুটি কমিশনারের অভিযোগের ভিত্তিতে ওই এফআইআর দায়ের করা হয়।
অভিযোগকারীর দাবি ছিল, জনকল্যাণমূলক প্রকল্পের জন্য বরাদ্দ পিডিএস-এর গম ব্যাপক হারে বেআইনিভাবে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে।
ইডি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘তদন্তে উঠে এসেছে যে, অভিযুক্তরা একটি সুপরিকল্পিত পদ্ধতি অবলম্বন করে সাধারণ মানুষের জন্য বরাদ্দ পিডিএস-এর গম পাচার করত। সরবরাহকারী, লাইসেন্সপ্রাপ্ত ডিস্ট্রিবিউটর, ডিলার এবং দালালদের সঙ্গে যোগসাজশে বেআইনি পথে কম দামে এই গম সংগ্রহ করা হত।’
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে যে, বিপুল পরিমাণ গম ‘বেআইনিভাবে সাপ্লাই চেইন থেকে সরিয়ে একাধিক জায়গায় মজুত করা হয়েছিল।’ খাদ্যশস্যের উৎস গোপন করতে অভিযুক্তরা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই) এবং রাজ্য সরকারের সিলমোহর যুক্ত আসল বস্তাগুলি সরিয়ে ফেলত বা উল্টে দিয়ে নতুন করে প্যাকেট করত। এর ফলে আসল পরিচয় লুকিয়ে পিডিএস-এর গমকে বৈধ মজুত হিসেবে দেখিয়ে তা রফতানি করা হত বা খোলা বাজারে বিক্রি করা হত।
এর আগে এই মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করে ইডি।
ED ration scam
রেশন দুর্নীতি কাণ্ডে ফের ইডি-র হানা, কলকাতা সহ একাধিক জায়গায় তল্লাশি
×
Comments :0