এলাকায় ট্যাপকল বসানো হলেও নিয়মিত পানীয় জল না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো সত্ত্বেও কোনো সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মাটিয়ালি ব্লকের মাটিয়ালি–বাতাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাহাড়ি এলাকার চালসা পি ডব্লিউ ডি এলাকায়।
উক্ত এলাকায় প্রায় ৮০টি পরিবারের বসবাস। বুধবার সকাল আটটা নাগাদ পানীয় জলের দাবিতে চালসা–মেটেলি রাজ্য সড়কের পি ডব্লিউ ডি অংশে অবরোধ শুরু করেন বাসিন্দারা। অবরোধের জেরে সড়কের দু’পাশে বহু যানবাহন আটকে পড়ে। শিশু থেকে বৃদ্ধ—সবাই বালতি ও কলস হাতে নিয়ে রাস্তায় নেমে স্লোগান দিতে থাকেন।
খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা পর সকাল দশটা নাগাদ মাটিয়ালি বিডিও অভিনন্দন ঘোষ ও মাটিয়ালি–বাতাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা মিঝার ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
এলাকার বাসিন্দারা জানান, বহুবার পানীয় জলের সমস্যার কথা জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়েই তাঁরা আন্দোলনে নামেন। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা।
Chalsa
পানীয় জলের দাবিতে চালসায় রাজ্য সড়ক অবরোধ
×
Comments :0