আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা এবং মিশেল ওবামাকে নিয়ে অত্যন্ত কুরুচিকর ও বর্ণবিদ্বেষী আক্রমণ নিয়ে উত্তাল মার্কিন রাজনীতি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ ওবামা এবং তার স্ত্রীকে নিয়ে করা এই ভিডিও শেয়ার করে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। তবে ক্ষমা চাওয়ার বিষয় সাফ না করে দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ভিডিওটির আপত্তিকর অংশ তিনি দেখেননি এবং এটি তার দপ্তরের কর্মীর ভুল।
গত বৃহস্পতিবার রাতে ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এক মিনিটের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে বারাক ওবামা ও মিশেল ওবামার মুখমণ্ডল দুটি বানরের শরীরে বসিয়ে একটি জঙ্গলের দৃশ্য দেখানো হয়। ভিডিওটির আবহসংগীতে বাজছিল 'The Lion Sleeps Tonight' গানটি। ভিডিওটিতে শুধু বর্ণবিদ্বেষই নয়, ২০২০ সালের নির্বাচনে জালিয়াতি নিয়ে ভিত্তিহীন দাবিও করা হয়েছে। প্রায় ১২ ঘণ্টা অনলাইনে থাকার পর তীব্র সমালোচনার মুখে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়।
শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প প্রথমবার স্বীকার করেন যে, তিনি ভিডিওটির একাংশ দেখেছিলেন। তবে তার দাবি, ‘আমি পুরো ভিডিওটি দেখিনি। শুরুর অংশটুকু দেখেছিলাম যেখানে ভোট জালিয়াতির কথা বলা হয়েছে। এরপর আমি সেটি কর্মীদের হাতে দিই। সাধারণত তারা পুরোটা পরীক্ষা করে দেখে, কিন্তু এবার বোধহয় কেউ সেটা করেনি।’
যখন তাকে প্রশ্ন করা হয় যে তিনি এই ঘটনার জন্য ক্ষমা চাইবেন কি না, ট্রাম্প সরাসরি বলেন, ‘আমি কোনো ভুল করিনি। আমি সারাদিনে হাজার হাজার জিনিস দেখি।’
ট্রাম্পের এই ভিডিও শেয়ারের ঘটনায় ডেমোক্র্যাটদের পাশাপাশি ক্ষোভে ফেটে পড়েছেন রিপাবলিকান নেতারাও। রিপাবলিকান পার্টির একমাত্র কৃষ্ণাঙ্গ সিনেটর এই পোস্টটিকে চরম বর্ণবিদ্বেষী বলে অভিহিত করেছেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ভিডিওটিকে একটি সাধারণ ইন্টারনেট মিম বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে রাজনৈতিক চাপ বাড়লে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, এটি একজন কর্মীর অনিচ্ছাকৃত ভুল ছিল এবং বিষয়টি নজরে আসতেই ভিডিওটি ডিলিট করা হয়েছে।
যদিও ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে, তবে ডোনাল্ড ট্রাম্পের এই অনমনীয় মনোভাব এবং ক্ষমা না চাওয়ার বিষয়টি আমেরিকায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা
Trump Obama
ওবামাকে নিয়ে বর্ণবিদ্বেষী পোস্ট, ক্ষমা চাইতে নারাজ ট্রাম্প
×
Comments :0