FIFA

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাব প্রত্যাহার, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে অনাস্থা আনার হুঁশিয়ারি উয়েফার

খেলা

বিশ্বকাপ-সহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত প্রস্তাব প্রত্যাহার করার পরও চাপে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, ইনফান্তিনো স্বেচ্ছায় পদত্যাগ না করলে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পথে হাঁটতে পারে তারা।
সূত্রের খবর উয়েফার ৫৫টি সদস্য দেশের ফুটবল সংস্থাই প্রয়োজনে ইনফান্তিনোকে অপসারণের পক্ষে ভোট দিতে প্রস্তুত। ফিফার সংবিধান অনুযায়ী, ৪৩টি সদস্য সংস্থার সমর্থন পেলেই উয়েফা জরুরি ভিত্তিতে অনাস্থা প্রস্তাব আনতে পারে। 
শনিবার ফিফা বিতর্কিত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (FFE) প্রত্যাহারের ঘোষণা করার পর উয়েফা সেই সিদ্ধান্তকে স্বাগত জানালেও সংস্থার নেতৃত্ব ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে তীব্র সমালোচনা করেছে।
এক বিবৃতিতে উয়েফা জানায়, বিশ্বকাপ-সহ ফিফার প্রতিযোগিতাগুলির বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা তাদের সদস্য সংস্থাগুলি সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করেছিল। শুধু উয়েফাই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবল সংশ্লিষ্ট মহলও এই প্রস্তাবের বিরোধিতা করেছে বলে দাবি করা হয়।
উয়েফার বক্তব্য, এই প্রস্তাব প্রত্যাহার সমগ্র ফুটবল বিশ্বের জয়। একই সঙ্গে সংস্থার স্পষ্ট বার্তা, ফুটবল বিক্রির জন্য নয়। এই অবস্থানকে সমর্থন করার জন্য সমর্থক, ক্লাব, লিগ, ফুটবলার, জাতীয় ফুটবল সংস্থা, বিভিন্ন মহাদেশীয় কনফেডারেশন এবং রাজনৈতিক নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছে উয়েফা।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে, বর্তমান ফিফা নেতৃত্ব শুধু উয়েফারই নয়, আন্তর্জাতিক ফুটবলের বহু সদস্যের আস্থাও হারিয়েছে। ২০১৬ সালে ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার সময় ইনফান্তিনো যে স্বচ্ছতা ও সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রক্ষা করতে তিনি ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ উয়েফার।
বিতর্কের কেন্দ্রে ছিল ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (FFE) নামে একটি নতুন বাণিজ্যিক সংস্থা গঠনের পরিকল্পনা। এই সংস্থার মাধ্যমে বিশ্বকাপ-সহ ফিফার বড় প্রতিযোগিতাগুলির বাণিজ্যিক অধিকার পরিচালনা করা হতো এবং বাইরের বিনিয়োগকারীরা সেখানে অংশীদারিত্ব কিনতে পারতেন। ফিফার দাবি ছিল, এই প্রকল্প বাস্তবায়িত হলে সদস্য দেশগুলির উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বেশি অর্থ বরাদ্দ করা সম্ভব হতো।
তবে শনিবার ইনফান্তিনো আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি প্রত্যাহারের ঘোষণা করেন। তার বক্তব্য, বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনায় স্পষ্ট হয়েছে যে এই প্রকল্প ফুটবল মহলে বিভাজন তৈরি করেছে, যা খেলার বৃহত্তর স্বার্থের পক্ষে নয়।
ইনফান্তিনো বলেন, ‘আমাদের লক্ষ্য সবসময়ই ফুটবলকে ঐক্যবদ্ধ করা এবং উন্নত করা। সেই লক্ষ্য থেকেই আমরা এই প্রস্তাব আর এগিয়ে নিয়ে যাচ্ছি না।’
উল্লেখ্য, শুধু উয়েফাই নয়, এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC), কনকাকাফ (CONCACAF) এবং ফিফার একাধিক অংশীদারও এই প্রস্তাবের বিরোধিতা করেছিল। ফিফার প্রাক্তন সিনিয়র উপদেষ্টা কার্লোস কর্ডেইরো প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেন। পাশাপাশি প্রকল্পটির স্বচ্ছতা নিয়েও ফিফার অভ্যন্তরে প্রশ্ন উঠেছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্রে দাবি করা হয়েছে।

Comments :0

Login to leave a comment