Gujarat

গুজরাটে সাফারি পার্কে সিংহকে মোটরবাইকে তাড়া! ভাইরাল ভিডিওর জেরে বরখাস্ত তিন বনকর্মী

জাতীয়

গুজরাটের আমরেলি জেলার আম্বারদি সাফারি পার্কে মোটরবাইকে চেপে সিংহকে তাড়া করার অভিযোগে বরখাস্ত করা হল তিন চুক্তিভিত্তিক বনকর্মীকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে এই ঘটনা প্রকাশ্যে আসে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন বনকর্মী মোটরবাইকে চেপে একটি সিংহের পিছনে ছুটছেন। সেই দৃশ্য ঘিরে বন্যপ্রাণীর উপর অত্যাচারের অভিযোগ ওঠে।
ঘটনার তদন্ত শুরু করে বন দপ্তর। রবিবার সংবাদ সংস্থা পিটিআইকে প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্টস জয়পাল সিং জানান, ঘটনার তদন্তের পর তিন চুক্তিভিত্তিক বনকর্মীকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
জয়পাল সিং বলেন, সন্ধ্যার সময় সাফারি পার্কের নির্দিষ্ট ঘেরাটোপ বা 'ক্রাল'-এ সিংহদের ফিরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছিলেন বনকর্মীরা। সাধারণত এই কাজ জিপ ব্যবহার করে করা হয়। কিন্তু ওই দিন কয়েকজন কর্মী মোটরবাইক ব্যবহার করেছিলেন।
অন্যদিকে, সাফারি পার্কের দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অফ ফরেস্টস (এসিএফ) মিতেশ ভানিয়া জানান, ভিডিওটি দীপাবলির সময়কার। তবে সিংহকে কোনওভাবে হেনস্থা করা হয়নি বলে দাবি তার। তার বক্তব্য, সিংহটিকে নির্দিষ্ট ঘেরাটোপে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই বনকর্মীরা চেষ্টা করছিলেন।
মিতেশ ভানিয়ার ব্যাখ্যা, ৩০০ হেক্টরেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এই সাফারি পার্কে প্রতিদিন বিকেল ৫টায় সিংহদের খাবার দেওয়া হয়। ১০০x১০০ মিটার আয়তনের একটি ঘেরা জায়গা, যা 'ক্রাল' নামে পরিচিত, সেখানে এই ব্যবস্থা রয়েছে। ভিডিওতে দেখা যাওয়া সিংহটি ওই নির্দিষ্ট এলাকা থেকে বেরিয়ে গিয়েছিল। তাকে ফের ঘেরাটোপে নিয়ে যাওয়ার জন্যই বনকর্মীরা মোটরবাইক নিয়ে এগিয়েছিলেন। সিংহকে বিরক্ত বা হেনস্থা করার কোনও উদ্দেশ্য তাদের ছিল না বলেই দাবি করেন তিনি।
সাফারি পার্ক কর্তৃপক্ষের দাবি, ছুটির মরশুমে পর্যটকদের ব্যাপক ভিড় হয়েছিল আম্বারদি সাফারি পার্কে। সেই সময় পার্কের ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে বনকর্মীদের টানা ১২ ঘণ্টা কাজ করতে হয়েছিল।
তবে কর্তৃপক্ষের ব্যাখ্যা সত্ত্বেও ভাইরাল ভিডিও ঘিরে বন্যপ্রাণীর নিরাপত্তা এবং বনকর্মীদের দায়িত্ব পালনের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনায় তিন কর্মীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর।

Comments :0

Login to leave a comment