Islampur-Bihar Border

গাড়ি পুকুরে পড়ে ৩ যুবকের মৃত্যু ইসলামপুর–বিহার সীমান্তে

জাতীয় জেলা

তিন যুবকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল ইসলামপুর–বিহার সীমান্তে। গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি পুকুরে পড়ে গেলে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় তিন যুবকের। আহত হয় আরও চারজন। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে ইসলামপুরের বিহার–বাংলা সীমান্তবর্তী ফাটিপুকুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার ফার্মকলোনি এলাকার বাসিন্দা সুবল কর্মকারের গ্যারেজে কাজ করত কয়েকজন যুবক। সোমবার মালিকের বাড়িতে পুজোর অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে গভীর রাতে গ্যারেজ মালিকের ছেলে একটি ছোট গাড়ি নিয়ে বের হয়। গাড়িতে মোট সাতজন যুবক ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতের অন্ধকারে ফাটিপুকুর এলাকায় গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের পুকুরে পড়ে যায়।
চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। দীর্ঘ চেষ্টার পর গাড়ির ভেতর থেকে সাতজনকেই উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতরা হলেন সুরজিৎ দাস, বনি দাস এবং মুকুন্দ দাস। প্রত্যেকের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছরের মধ্যে। আহত চারজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিহারের পুঠিয়া থানার পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিহারের কিষানগঞ্জে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিহার পুলিশ। দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে আহতদের মধ্যে নদীয়ার বাসিন্দা অতনু শীলের অভিযোগ ঘিরে ঘটনার মোড় ঘুরেছে। তার দাবি, প্রায় দু’বছর আগে মৃত মুকুন্দ দাসের প্রেমিকার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রেই তাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে গাড়িতে তোলা হয়। অতনু জানায়, সে ইসলামপুরের একটি হোটেলে উঠেছিল। সেখান থেকে তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। গাড়ির পেছনের সিটে বসিয়ে তাকে মারধর করা হচ্ছিল বলেও অভিযোগ। এক পর্যায়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। তার দাবি, তাকে প্রাণে মারতেই ওই রাতে গাড়ি নিয়ে বেরোনো হয়েছিল। প্রসাদ খাওয়ার কথা ছিল নিছক অজুহাত।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলির অভিযোগ, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Comments :0

Login to leave a comment