House Collapses in Uttar Pradesh

উত্তরপ্রদেশে বাড়ি ভেঙে একই পরিবারের ৬ জনের মৃত্যু, জখম এক

জাতীয়

প্রবল বৃষ্টি হয়েছে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে। টানা বর্ষণে প্রায় ১০০ বছরের বেশি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে একই পরিবারের ছয় জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার কোতোয়ালি এলাকার মহুলি ওয়ার্ডে। বৃষ্টির কারণে জরাজীর্ণ একটি বাড়ির ছাদ দুর্বল হয়ে হঠাৎ ধসে পড়ে। ঘটনার সময় বাড়ির সবাই ভেতরে ঘুমিয়ে ছিলেন, ফলে তাঁরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। এই মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে বাড়ির মালিক প্রমোদ শ্রীবাস্তব(৬০), তাঁর স্ত্রী রীতা শ্রীবাস্তব(৫৫), তাঁদের ছেলে নীতিন(২৫), পুত্রবধূ মাধুরী(২৩) এবং দুই বছর বয়সী মাধব ও চার মাস বয়সী অদ্বিক। পরিবারের আরেক সদস্য আমান গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। 
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাড়ি ভেঙে পড়ার আওয়াজে আমরা বাড়ি থেকে বেরিয়ে উদ্ধার কাজ শুরু করি। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসে ঘটনাস্থলে। পুলিশ স্থানীয় বাসিন্দারা মিলে প্রায় দুই ঘণ্টা ধরে উদ্ধার চালায়। সূত্রের খবর, যে ঘরে ছয় জন ঘুমিয়েছিলেন, সেই ঘরের ধ্বংসস্তূপ থেকেই ছয় জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা ছয়জনকে মৃত ঘোষণা করেন। পুলিশের অনুমান, বুধবার রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল। সেই কারণেই বাড়ির একাংশ ধসে পড়ে। এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 

Comments :0

Login to leave a comment