Headmaster Shot Dead

ইসলামপুরে প্রধান শিক্ষককে গুলি করে খুনের অভিযোগ

জেলা

স্কুলে যাওয়ার পথে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল প্রধান শিক্ষকের। শনিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ইসলামপুরের মাদারীপুর এলাকায়। মৃতের নাম নজরুল ইসলাম (৫৬)। তিনি চোপড়া ব্লকের রাজাভীম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ইসলামপুরের আশ্রমপাড়ায় সপরিবারে থাকতেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো শনিবার সকালে মোটরবাইকে চেপে ইসলামপুর থেকে স্কুলের উদ্দেশে রওনা হন নজরুল    ইসলাম। অভিযোগ মাদারীপুর এলাকায় পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, আহত অবস্থায় তিনি চিৎকার করে জানান, তাঁকে কেউ গুলি করেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। তার প্রচুর রক্ত ক্ষরণ হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। তবে শিলিগুড়ি নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা পরপর দু’টি গুলির শব্দ শুনেছেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁদের অভিযোগ, মাদারীপুর এলাকা দীর্ঘদিন ধরেই দুষ্কৃতীদের দৌরাত্ম্যে অশান্ত। কয়েক মাস আগে ওই এলাকাতেই এক গ্রাম পঞ্চায়েত প্রধানকে গুলি করে খুনের ঘটনা ঘটে। পাশাপাশি প্রায়ই ছিনতাইয়ের ঘটনাও ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশকে একাধিকবার জানানো হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে তাঁদের দাবি।
জানা গিয়েছে, নজরুল ইসলামের আদি বাড়ি চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের তিনমাইল সংলগ্ন লালাগছ এলাকায়। শিক্ষকতার পাশাপাশি তিনি ট্যাক্স সংক্রান্ত কাজও করতেন। দীর্ঘদিন বামপন্থী শিক্ষক সংগঠন এবিপিটিএ’র সঙ্গে যুক্ত ছিলেন। সংগঠনের জোনাল সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রায় তিন বছর আগে তৃণমূলে যোগ দেন তিনি। পরে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির চোপড়া ব্লক সভাপতির দায়িত্ব পান।
এদিকে, ঘটনার পর নজরুলের স্ত্রী রোকসানা খাতুনের সঙ্গে দেখা করেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং যামান। রোকসানা জানান, বৃহস্পতিবার তাঁর স্বামীর সঙ্গে এক ব্যক্তির আর্থিক লেনদেন নিয়ে বচসা হয়েছিল। শনিবার বিষয়টি নিয়ে বসার কথা ছিল। তবে কত টাকা এবং কাকে ধার দেওয়া হয়েছিল, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। পুলিশ সুপার নজরুলের মোবাইল ফোন নিয়ে গিয়েছেন বলেও জানান তিনি।
ঘটনার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে, নাকি আর্থিক লেনদেন সংক্রান্ত কোনও বিরোধের জেরেই এই হামলা—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইসলামপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত করতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ এবং অভিযুক্তদের সন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ।
নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক ধ্রুবশেখর মন্ডল প্রেস বিবৃতিতে জানিয়েছেন, উত্তর দিনাজপুরের জেলার চোপড়ায় স্কুলে যাওয়ার পথে রাজাভিম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম-কে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি করেছে বলে অভিযোগ। পরবর্তীতে শিলিগুড়ি নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এই খুনের তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হচ্ছে। অবিলম্বে দূষ্কৃতীদের গ্রেপ্তার করে প্রশাসনকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সাথে সাথে রাজ্যের বিভিন্ন স্থানে শিক্ষক, শিক্ষাকর্মী, মিড ডে মিল কর্মীদের উপর সমাজবিরোধীদের লাগাতার আক্রমণের বিরুদ্ধে রাজ্য সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

Comments :0

Login to leave a comment