BJP's Threat Culture

বিজেপির থ্রেট কালচার, চাঁদার জুলুম, দিনহাটায় ব্যবসায়ীদের বিক্ষোভ

জেলা

বামনহাট-চৌধুরীহাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বামনহাট বাজারের ব্যবসায়ীদের। ছবি- অমিত কুমার দেব

তৃণমূলের দেখানো পথেই হাঁটছে বিজেপি। থ্রেট কালচার থেকে চাঁদার জুলুমবাজি, সবটাই তারা ভালো ভাবে রপ্ত করেছে রাজ্যের সদ্য প্রাক্তন শাসক দলের কাছ থেকে। কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বামনহাট বাজারে তাদের এই চাঁদার জুলুমবাজির অভিযোগে অনির্দিষ্টকালের জন্য বাজারের দোকানপাট বন্ধ রেখে তাই বৃহস্পতিবার আন্দোলনে নামলেন এই বামনহাট বাজারের ব্যবসায়ীরা। চাঁদা দেয় জুলুমবাজি ও হুমকি সংস্কৃতির সাথে যুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এদিন মিছিল এবং বামনহাট- চৌধুরীহাট রাজ্য সড়ক অবরোধেও সামিল হন ব্যবসায়ীরা। দীর্ঘক্ষণ চলে এই পথ অবরোধ এরপর দিনহাটা সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের আশ্বস্ত করলে এই পথ অবরোধ তুলে নেন তারা। তবে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় থাকেন তারা।
বাজার কমিটির সম্পাদক সন্টু কর্মকারের অভিযোগ, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এই বামনহাট বাজার ব্যবসায়ী সমিতির পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন হয়। এই সময় বিজেপি নেতা নেতা প্রভাত বর্মন সহ একাধিক বিজেপি নেতা উপস্থিত ছিলেন। তার দাবি, এই সময় পুরনো কমিটির হিসেবের খাতা নিজের কাছে রেখে দেন বিজেপি নেতা  প্রভাত বর্মন। পাশাপাশি পুরনো কমিটির তহবিলে থাকা প্রায় ২লক্ষাধিক টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার দাবি তোলা হয়।।
আন্দোলনরত ব্যবসায়ী জীবনকৃষ্ণ সাহা, রমেশ দত্ত প্রমুখের অভিযোগ, গত ১০ আগস্ট শিবপুজো ও বাউল সংগীতানুষ্ঠানের জন্য বিভিন্ন দোকান থেকে ৫হাজার থেকে ২০হাজার টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়। এরপর ব্যবসায়ী সমিতির তহবিলের ২লক্ষাধিক টাকা বিজেপি নেতা প্রভাত বর্মনের ব্যাংক একাউন্টে ট্রান্সফার করার জন্য ব্যবসায়ী সমিতির সম্পাদককে মোবাইল মারফত এবং ডেকে নিয়ে  গিয়েও হুমকি দেওয়ার অভিযোগও ওঠে এই বিজেপি নেতা প্রভাত বর্মনের বিরুদ্ধে। 
এই ঘটনার পরই বুধবার রাতে বৈঠক করে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নেন এই বামনহাট বাজার ব্যবসায়ীরা। তবে দিনও ব্যবসায়ীদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এই বিজেপি নেতার বিরুদ্ধে। ব্যবসায়ীদের স্পষ্ট বক্তব্য এই বিজেপি নেতাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, চাঁদা নিয়ে জুলুমবাজি বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে হবে বামনহাট বাজারে।

Comments :0

Login to leave a comment