Jhumur Artist Dies

পথ দুর্ঘটনায় মৃত্যু পুরুলিয়ার ঝুমুর শিল্পীর, জখম ১২

জেলা

ঝুমুর গানের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল ঝুমুর শিল্পীদের গাড়ি। ঘটনায় মৃত্যু হল এক ঝুমুর শিল্পীর। আহত হয়েছেন গাড়িতে থাকা অপর ১২ জন। মৃত ব্যক্তির নাম দেবচরণ মাহাতো(৫৫)। তাঁর বাড়ি পুরুলিয়া আড়ষা থানার হেঁটজারি গ্রামে। ওই গাড়িতে থাকা ঝুমুর শিল্পী ভোলানাথ মাহাতো হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় জানিয়েছেন, বৃহস্পতিবার তাদের অনুষ্ঠান ছিল টামনা থানার চিপিদা গ্রামে। গভীর রাতে অনুষ্ঠান শেষ করে খাওয়া-দাওয়ার পর একটি বোলেরো গাড়িতে করে ১৩ জন ঝুমুর শিল্পী ফিরছিলেন আড়ষা থানার হেঁটজারি গ্রামে। মাঝপথে আড়ষা থানার লছমনপুর এলাকায় বোলেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা মারলে গুরুতর ভাবে আহত হন চালক সহ সকলেই। আড়ষা থানার পুলিশ ও স্থানীয় সিভিক ভলেন্টিয়াররা সকলকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্মরত চিকিৎসকেরা দেবচরণ মাহাতো নামে এক শিল্পীকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহত ১২ জনের মধ্যে ৭ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি ৫ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

Comments :0

Login to leave a comment