Asansol Book Stall

আসানসোলে পৌর মন্ত্রীর উদ্বোধন করা মণ্ডপ ঘিরেও আবর্জনা

জেলা

সিহারশোলে সিপিআই(এম)'র মার্কসীয় সাহিত্যের স্টলে পরিবেশ রক্ষার লক্ষ্যে চারাগাছ বিতরণ করা হচ্ছে।

মলয়কান্তি মণ্ডল: রানিগঞ্জ

শারদোৎসবের পুজো উদ্বোধন করে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের দেওয়া পরিচ্ছন্নতার বার্তা মুখ থুবড়ে পড়ল আসানসোলের দুই মণ্ডপেই। এই দুই মণ্ডপের উদ্বোধন করেছিলেন মন্ত্রী নিজেই।
অগ্নিমিত্রা পাল ঘোষণা করেছিলেন যে ‘গ্রিন দুর্গাপুজো এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ বা পরিবেশ বান্ধব দুর্গাপুজোকে উৎকর্ষ সম্মান দেওয়া হবে। কিন্তু পৌর মন্ত্রী আসানসোলের যে দু’টি পুজোর উদ্বোধন করেন সেই তার অদূরেই প্লাস্টিকের কাপ, নরম পানীয়ের বোতল ছড়িয়ে রয়েছে রাস্তার ধারে। পুজোর দিনগুলোতে এই ছবি দেখা গেছে পশ্চিম বর্ধমান জেলার প্রায় সব বড় মণ্ডপে। 
এদিকে রাজ্য প্রশাসনের পুরস্কার ঘোষণার পর বিভিন্ন পুজো কমিটি দূষণ রোধে রকমারি প্রচার চালিয়েছে। 
এদিকে, আসানসোল ভগৎ সিং মোড়ের রাস্তায় রঙ করার পর দুর্ঘটনা এড়াতে আবার রাস্তার রঙ মুছে ফেলা হয়েছে।  
প্লাস্টিক দূষণে নিয়ন্ত্রণ আনতে উৎসবের শুরুর আগে থেকেই প্রচারের পরিকল্পনা  না থাকায় মন্ত্রীর ঘোষণার পরও প্রশাসনের  গয়ংগচ্ছ  মনোভাবই পরিস্থিতির বদল ঘটাতে পারল না বলে অভিযোগ বিভিন্ন মহলে। তাদের অভিযোগ, প্রশাসন ব্যস্ত থেকেছে বামপন্থীদের বইয়ের স্টল ভাঙার কাজে।
সমগ্র পুজোর মরশুমে যথেচ্ছভাবে  প্লাস্টিক ব্যবহারের রমরমা চোখে পড়েছে। খাবারের দোকান, জামা কাপড়ের দোকানে ক্রেতাদের হাতে নির্বিবাদে ধরিয়ে দেওয়া হয় প্লাস্টিকের ক্যারিব্যাগ । ৫০ মাইক্রনের কম প্লাস্টিকের ব্যবহারে উদ্বিগ্ন জেলার  বিজ্ঞানকর্মীরা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক কল্লোল ঘোষ বলেন, ৫০ মাইক্রনের কম পুরু প্লাস্টিক  পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণ। এর ফলেই কৃষি জমি ও জলাশয় নষ্ট হচ্ছে । এখনই সচেতন না হলে আগামী দিনে জনজীবনে ক্ষতিকর প্রভাব পড়বে। কাগজের ঠোঙা, চটের থলির ব্যবহার বাড়াতে হবে।   আরেকদিকে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে রানিগঞ্জের সিহারশোলে সিপিআই(এম) কর্মীরা মার্কসীয় সাহিত্যের স্টল থেকে আমজনতার মধ্যে চারাগাছ বিতরণ করেছেন।

Comments :0

Login to leave a comment