Dhupguri

ধূপগুড়ির বসন্ত উৎসবে ধুন্ধুমার, সংঘর্ষে জখম ১

জেলা

বসন্ত উৎসবের আনন্দ মুহূর্তেই বদলে গেল রণক্ষেত্রে। হোলিকে কেন্দ্র করে দুই যুবক দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ধূপগুড়ি শহরের ডাকবাংলো চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি উঁচিয়ে তাড়া করতে হয়। ঘটনায় এক যুবকের মাথা ফেটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ি পৌরসভার উদ্যোগে ডাকবাংলো প্রাঙ্গণে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন এক মহিলাকে কেন্দ্র করে দুই যুবক দলের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, অনুষ্ঠান শেষে রাস্তায় বেরোতেই একদল যুবক অপর দলের ওপর অতর্কিতে হামলা চালায়। মুহূর্তে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও তুমুল মারপিট শুরু হয়ে যায়। অশান্তি চরমে পৌঁছালে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।

খবর পেয়েই ধূপগুড়ি থানার আইসি উৎপল সাহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংঘর্ষে এক যুবক গুরুতর জখম হলে তাকে দ্রুত ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, এলাকায় শান্তি বজায় রাখতে টহলদারি বাড়ানো হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিবাচক পদক্ষেপ হিসেবে পুলিশ কয়েকজন যুবককে আটক করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

Comments :0

Login to leave a comment