জীবন ও জীবিকার স্বার্থে সরকার বিপরীতমুখী কাজ করে যাচ্ছে। মানুষ যে পরিবর্তনের আশায় সরকার পরিবর্তন করেছিল এখন মানুষ মাত্র ১০০ দিনের মধ্যেই আশাহত। গরিব মানুষের স্বার্থে, বেকার যুবকের স্বার্থে, শ্রমিকের স্বার্থে, ছাত্রের স্বার্থে , নারীর স্বার্থে, ১০০ দিনের মধ্যে কোন কাজই সরকার করে উঠতে পারেনি। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল কর্মসংস্থানের। কিন্তু সরকারি কোনো দপ্তরে আজ পর্যন্ত কোন নিয়োগের প্রক্রিয়া সরকার শুরু করেনি। গ্রামীণ মানুষের জীবন ও জীবিকা বিপন্ন। বুধবার সিপিআই(এম) বলরামপুর এরিয়া কমিটির আহবানে কয়েকশ মানুষের অবস্থান বিক্ষোভ সভায় কথাগুলি বলেন, সিপিআই(এম) নেতৃবৃন্দ। এদিন ১৫ দফা দাবিতে বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়। জমি সংক্রান্ত বিভিন্ন দাবিতে এদিন বিএলআরও কেও ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশন কর্মসূচির আগে এক বিশাল মিছিল গোটা বলরামপুর শহর পরিক্রমা করে। বলরামপুর সাপ্তাহিক হাটকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা, উচ্ছেদ হওয়া প্রতিটি ছোট ব্যবসায়ীকে পুজোর আগেই পুনর্বাসনের ব্যবস্থা করা, বংশপরম্পরায় বসবাসকারী প্রকৃত ভোটারদের নাম বাদ না দেওয়া, নির্মাণ কাজের সঙ্গে যুক্ত অসংখ্য শ্রমিক ,রাজমিস্ত্রি তথা সাধারণ মানুষের স্বার্থে বালি পাথর খাদান সংক্রান্ত সরকারি নিয়মের পরিবর্তন ঘটানো, স্পঞ্জ আয়রন কারখানাগুলির দূষণ ছাড়ানো বন্ধ করা, সার ব্রিজ কীটনাশক সহ কৃষি যন্ত্রপাতি ভর্তুকি মূল্যে সরবরাহ করা এবং কালোবাজারি রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ, কৃষি ও কৃষকের স্বার্থে বামফ্রন্ট আমলে তৈরি হিমঘরটি অবিলম্বে চালুর ব্যবস্থা করা, বিক্রি হওয়া ফসলের উপযুক্ত মূল্য সুনিশ্চিত করা, জমির রেকর্ড এবং মিসিং প্লট সংক্রান্ত সমস্যাগুলির সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ, পাট্টা জমির রেকর্ড সহ নানাবিধ সমস্যা গুলি সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ, একই সাথে দীর্ঘদিন বসবাসকারী বস্তিবাসীদের পাট্টা প্রদান, নির্বাচনী প্রতিশ্রুতিমতো সমস্ত মা-বোনকে অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করা প্রভৃতি দাবি জানানো হয় ডেপুটেশনে। অবস্থান-বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিআই(এম) জেলা সম্পাদক প্রদীপ রায় সহ মহম্মদ ইব্রাহিম, গোবিন্দ মাঝি, অরুণ বাহান্তি প্রমুখ। সভাপতিত্ব করেন সমতল টুডু।
Balarampur
১৫ দফা দাবিতে বলরামপুর বিডিওকে ডেপুটেশন
×
Comments :0