Elephant Dies

হাতির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ফালাকাটায়

জেলা

আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হরিমন্দির এলাকায় ধানক্ষেত থেকে একটি পূর্ণবয়স্ক দাঁতাল বুনো হাতির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক ভাবে বনদপ্তরের অনুমান, অবৈধ ভাবে পাতা বিদ্যুতবাহী তারের সংস্পর্শে এসেই হাতিটির মৃত্যু হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে।
বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে মাদারিহাট রেঞ্জের দক্ষিণ খয়েরবাড়ি বিটের জঙ্গল থেকে একটি হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে। ভোরের দিকে হাতির দলটি জঙ্গলে ফিরে গেলেও একটি দাঁতাল হাতি আর ফিরতে পারেনি। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা ধানক্ষেতের পাশে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বনদপ্তরে খবর দেন। খবর পেয়ে দক্ষিণ খয়েরবাড়ি বিট ও মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।
প্রাথমিক পরীক্ষায় বন আধিকারিকরা হাতিটির কানের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার স্পষ্ট চিহ্ন দেখতে পান। স্থানীয়দের অভিযোগ, বুনো হাতির আক্রমণ থেকে ফসল বাঁচাতে অনেক কৃষক বেআইনিভাবে ক্ষেতের চারপাশে ফেন্সিংয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। সেই ধরনের কোনও বিদ্যুতায়িত ফেন্সিংয়ের সংস্পর্শেই হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
ঘটনার পর বনদপ্তর এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি বাঁশের খুঁটি ও বিদ্যুতবাহী তার বাজেয়াপ্ত করেছে। অভিযুক্ত ক্ষেতের মালিক ঘটনার পর থেকেই পলাতক বলে জানা গিয়েছে। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। বনদপ্তরের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি, অবৈধ বিদ্যুৎ সংযোগের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৭ জুন আলিপুরদুয়ার জেলার শালকুমারহাটের কলাবাড়িয়া গ্রামেও একইভাবে বিদ্যুতবাহী তারের সংস্পর্শে এসে একটি বুনো হাতির মৃত্যু হয়েছিল। পরপর এমন ঘটনায় বন্যপ্রাণ সংরক্ষণ এবং কৃষিজমিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ রোধে কঠোর পদক্ষেপের দাবি জোরালো হয়েছে।

Comments :0

Login to leave a comment