IDBI Disinvestment

রেলের রদ্দি বেচার নীতিতে কম দামে বিক্রি আইডিবিআই ব্যাঙ্কের শেয়ার!

জাতীয়

ন্যূনতম দাম ঠিক করেছিল সরকারই। তারও কম দামে বিক্রি হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক আইডিবিআই’র শেয়ার। কম দামে শেয়ার বেচার জন্য রেলের বাতিল মাল বিক্রির আইনকে হাতিয়ার করেছে কেন্দ্রের বিজেপি জোট সরকার।
‘বিজনেস ওয়ার্ল্ড’-র একটি প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। বিনিয়োগ ও রাষ্ট্রায়ত্ত সম্পদ পরিচালনা বিভাগ ডিআইপিএএম’র অভ্যন্তরীণ একটি নোটও পেশ করা হয়েছে এই সংবাদ প্রতিবেদনে। 
এদিকে আইডিবিআই ব্যাঙ্ক সংক্রান্ত রাহুল গান্ধীর এক মন্তব্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর যুক্তি, আগের সরকার খারাপ অবস্থায় এই ব্যাঙ্ককে ছেড়ে গিয়েছিল। 
লাভজনক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক আইডিবিআই-কে কানাডার ফেয়ারফ্যাক্স-র কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্যাঙ্ককর্মীরা। সিপিআই(এম) পলিট ব্যুরোও রাষ্ট্রায়ত্ত সংস্থার বিদেশিকরণের প্রতিবাদ জানিয়েছে। 
শুক্রবার সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাস বলেছেন, ‘‘সরকার নিজেই ন্যূনতম দাম বা ‘রিজার্ভ প্রাইস‘ ৯৪.৪২ টাকা হবে বলে ঠিক করেছিল। কিন্তু ফেয়ারফ্যাক্স-র ৭৫.৯৯ টাকায় প্রতিটি শেয়ার কেনার প্রস্তাব দেয়। এরপর শেয়ারের দাম ঠিক করার পদ্ধতি বদলে দেওয়া হয়। ৮১ টাকায় প্রতি শেয়ার বিক্রি হবে বলে ঠিক হয়। সেটিও ন্যূনতম দামের কম। 
ব্রিটাসের অভিযোগ, আইডিবিআই’র আয়কর বাবদ জটিলতাও সরকার নিজের ঘাড়ে নিয়েছে। তার জন্যও কোষাগারের কয়েকশো কোটি টাকা লোকসান হবে। 
অভিযোগ, ন্যূনতম দামের চেয়ে কমে শেয়ার বিক্রির জন্য ‘রেলওয়ে স্টোর কোড’ অনুসরণ করছে কেন্দ্র। রদ্দি মাল বিক্রির ক্ষেত্রে রেল ন্যূনতম দামের চেয়ে কমে , প্রয়োজনে, চুক্তি করতে পারে এই বিধি অনুযায়ী। 
ব্রিটাসের প্রশ্ন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মতো সম্পদকে কবে থেকে রেলের রদ্দি মাল বলে দেখা হচ্ছে?   
এদিকে রাহুল শুক্রবার বলেছেন, দেশের শিল্পক্ষেত্র গড়ার জন্য কংগ্রেসের সময়েই আইডিবিআই ব্যাঙ্ক গঠন করা হয়েছিল। মোদীর সময়ে আগে নিলামের সিদ্ধান্ত হয়। পরে দর ঠিক হয়। কংগ্রেসের সময়ে ব্যাঙ্ক তৈরি হয়েছিল। মোদীর সময়ে ব্যাঙ্ক বিক্রি হচ্ছে। 
এদিকে বিজনেস ওয়ার্ল্ড-র প্রতিবেদনে বলা হয়েছে যে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীন ডিআইপিএএম অভ্যন্তরীন নোট দেয় বিলগ্নী সংক্রান্ত সচিব স্তরের কোর গ্রুপকে। সেখানে বলা হয়, ‘‘সরকারি আধিকারিকরা যখন ন্যূনতম দাম ঠিক করেন তখন নিলামে কোন দর দেওয়া হবে জানতে পারেন না। ন্যূনতম দাম ঠিক করার পর নিলাম শুরু হয়।’’ তারপরই লেখা হয়েছে, ‘‘প্রথমে এই পদ্ধতিতে কাজ শুরু হয়। কিন্তু দেখা যায় রিজার্ভ প্রাইস (ন্যূনতম দাম)-র নিচে দর এসেছে। গত ১৩ আগস্ট পাঠানো এই নোটে সই রয়েছে ডিপার্টমেন্ট অব ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট সচিব অরুণিশ চাওলার।

Comments :0

Login to leave a comment