টোটোর সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ১৬ নম্বর জাতীয় সড়কের মাঝেই আড়াআড়িভাবে উল্টে গেল পণ্যবাহী লরি। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রাজাপুর থানার খলিশানী রথতলার কাছে। এই ঘটনায় টোটোর দুই যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে কলকাতার দিকে যাচ্ছিল পণ্যবাহী লরিটি। সেই সময় খলিশানী রথতলার কাছে সামনে চলে আসে একটি টোটো। টোটোটিকে বাঁচাতে গিয়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে লরিটি। এরপর জাতীয় সড়কের মাঝেই আড়াআড়িভাবে উল্টে যায় সেটি। দুর্ঘটনায় টোটোর দুই যাত্রী আহত হন।
ঘটনার পর স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করা হয়। তাদের দ্রুত উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।
এদিকে, জাতীয় সড়কের উপর লরি উল্টে যাওয়ায় কলকাতামুখী লেনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রাজাপুর থানার পুলিশ। পুলিশের উদ্যোগে দুর্ঘটনাগ্রস্ত লরিটি সরানোর ব্যবস্থা করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
Accident
টোটোকে বাঁচাতে গিয়ে ১৬ নম্বর জাতীয় সড়কে উল্টে গেল পণ্যবাহী লরি, আহত ২
×
Comments :0