তুষারাবৃত হলো সিকিমের উচ্চ পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। পাহাড় প্রেমী পর্যটকরা উচ্ছ্বসিত। সিকিমের সৌন্দর্য্যে নতুন মাত্রা যোগ করে নাথুলা ও ছাঙ্গু হ্রদ সংলগ্ন পাহাড়ি এলাকায় শুরু হয়েছে তুষারপাত। বৃহস্পতিবার ভোররাত থেকেই পাকিয়াং জেলার অন্তর্গত কুপুপ, বিখ্যাত জওহরলাল নেহেরু রোড, বাবা মন্দির এবং ভারত চীন সীমান্ত সংলগ্ন নাথুলা এলাকায় তুষারপাত হয়েছে। এর পাশাপাশি পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ ছাঙ্গু হ্রদ ও তার আশপাশের পাহাড়ি অঞ্চলও সাদা বরফে ঢেকে গেছে। ফলে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য্য বহু গুন বেড়ে গেছে।
নাথুলার দিকে যাবার রাস্তার বিস্তীর্ণ অংশের বাড়ি ঘর থেকে শুরু করে গাছপালা, পাহাড়ি রাস্তায় দাঁড় করানো গাড়ি, রাস্তাঘাট, চেকপোষ্ট, উপত্যকা ঢেকেছে বরফের সাদা চাদরে। সিকিমের উচ্চ পার্বত্য এলাকায় তুষারপাতের খবর ছড়িয়ে পড়তেই পর্যটকদের মধ্যে উন্মাদনা বাড়ছে। শীতের আমেজে পাহাড়ে তুষারপাতের আনন্দ উপভোগ করতে বহু পর্যটকরা পাহাড়মুখো হতে শুরু করেছেন। দার্জিলিঙে থাকা পর্যটকরাও রওনা হয়েছেন সিকিমের উদ্দেশ্যে। আচমকাই আবহাওয়া পরিবর্তনের কারণে পাহাড়ি রাস্তা বরফের চাদরে মুড়েছে। ফলে পাহাড়ি রাস্তাঘাট অনেকটাই পিচ্ছিল হয়ে গেছে। সুরক্ষা ও নিরাপত্তার প্রশ্নে এবং দুর্ঘটনা এড়াতে পাহাড়ে পর্যটকদের যাওয়া আসার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হয়েছে।
প্রভাব পড়েছে পাহাড় লাগোয়া সমতলের শিলিগুড়িতে। তুষারপাতের কারণে সমতলের শিলিগুড়িতে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটেছে। হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার খুব সকালে আকাশ মেঘাচ্ছন্ন। রবিবার রাত থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে শিলিগুড়ি ও সংলগ্ন অঞ্চলে। এক দুই পসলা বৃষ্টিও হয়েছে দফায় দফায়। সারাদিন রোদের মুখ দেখা যায়নি। গত কয়েকদিন থেকেই উত্তরের আকাশ পরিষ্কার ছিলো। এরই মধ্যে ঝলমলে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার দেখাও মিলেছে। যদিও কালিম্পঙ, দার্জিলিঙ পার্বত্য এলাকা, সিকিমে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগেই বৃষ্টির পূর্বাভাষ মিলেছিলো। ব্যাপক তুষারপাতে এদিন সকাল থেকেই শ্বেতশুভ্র হয়েছে সিকিমের নাথুলা থেকে ছাঙ্গু সহ বিস্তুীর্ণ এলাকা।
Snowfall in Sikkim
সিকিমে তুষারপাত, সাদা চাদরে ঢাকল ছাঙ্গু-নাথুলা
×
Comments :0