Ramlila Maidan 'INDIA' Rally

দিল্লির রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’-র সমাবেশের প্রস্তুতি তুঙ্গে, হবে জ্ঞানেশ কুমারের ‘ইমপিচমেন্ট’

জাতীয়

‘ভোট চুরি’র অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ইন্ডিয়া’ ব্লকের  ১ নভেম্বরের সমাবেশের জন্য বৃহস্পতিবার সকালে রামলীলা ময়দানে ব্যাপক প্রস্তুতি দেখা যায়। সেখানে কর্মীরা একটি বড় ‘তেরঙা’ তাবু খাড়া করছেন, প্লাস্টিকের চেয়ারের বিশাল স্তূপ সাজানোর অপেক্ষায় রয়েছে এবং নিরাপত্তার জন্য ব্যারিকেড বসানো হচ্ছে।
১ নভেম্বরের এই সমাবেশের আগে, ৩০ অক্টোবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘ইমপিচমেন্ট’ করা হবে প্রতীকী অর্থে। 'জনতার ভর্ৎসনা' হবে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের বাসভবনের সামনে। 
এর আগে অশোকা হোটেলে জনতার ভর্ৎসনা হওয়ার কথা ছিল। কিন্তু আচমকা অশোকা হোটেলে সভার অনুমতি বাতিল করা হয়। বিরোধী নেতারা শেষ পর্যন্ত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের রাজাজি মার্গের বাসভবনে এই কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেন।
রাজ্যসভায় সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাস বলেছেন এই ভর্ৎসনা প্রতীকী চরিত্রের হলেও অত্যন্ত গুরুত্ব দিয়েই পুরো সভা হবে। লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার পরিচালনা করবেন কর্মসূচি। ভর্ৎসনার প্রস্তাব পেশ করবেন রাজ্যসভার বিরোধী দলনেতা। লোকসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধী জবাবী ভাষণ দেবেন।
উল্লেখ্য, সংসদের দুই কক্ষেই জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্টের জন্য চিঠি দিয়েছেন বিরোধীরা। কিন্তু লোকসভার অধ্যক্ষ বা রাজ্যসভার সভাপতি চিঠি গ্রহণ করেননি। 
এদিকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ডাকা রামলীলা ময়দানের সভা ঘিরে ব্যাপক বাহিনী মোতায়েনের পরিকল্পনা নিয়েছে দিল্লি পুলিশ। মানুষের চলাচল নিয়ন্ত্রণের জন্য ব্যারিকেড বসানো হচ্ছে। 
১ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কংগ্রেসের দাবিলক্ষাধিক মানুষ শামিল হবেন। 
পুলিশ জানিয়েছে, অনুষ্ঠান স্থলটির ওপর নজরদারি চালানোর জন্য ২০০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা, নজরদারি সরঞ্জামযুক্ত যানবাহন ব্যবহার করা হবে।
পুলিশ পুরো এলাকাটিকে ১৪টি জোনে বিভক্ত করেছে এবং ১০ কোম্পানি রিজার্ভ ফোর্স মোতায়েন করেছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন সহকারী কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা, আর দুটি করে জোনের তদারকির দায়িত্বে থাকবেন অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা।

Comments :0

Login to leave a comment