Child Death Uluberia

শিশুর মৃত্যুতে উত্তেজনা, ভাঙচুর উলুবেড়িয়া হাসপাতালে

জেলা

মৃত শিশুর শোকার্ত পরিজনবর্গ।

শিশুর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। চিকিৎসায় গাফিলতি এবং ভুল ইনজেকশন দেওয়ার জেরে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন পরিজনরা।
গত বুধবার সন্ধ্যায় ওই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়-পরিজনরা। হাসপাতালের মহিলা শল্যচিকিৎসা বিভাগে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরে উলুবেড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির নাম শেখ রাশিদুল ইসলাম (১১)। তাদের বাড়ি সাঁকরাইলে থানা এলাকার নলপুরের ডাহুকা মুক্তিপাড়ায়। ৯ দিন আগে গালের ঘা, মুখ ফোলা এবং টনসিলের তীব্র ব্যথা নিয়ে রাশিদুলকে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের মহিলা শল্যচিকিৎসা বিভাগে তার চিকিৎসা চলছিল। মৃত শিশুর মা শেখ রাবিয়ার দাবি, সার্জেন ডাক্তারের ওষুধে গত কয়েক দিনে বাচ্চার মুখের ফোলা ও ঘা অনেকটাই কমে গিয়েছিল এবং সে সুস্থ হয়ে উঠছিল। কিন্তু বুধবার হঠাৎই তার পেট ফুলে যায় এবং পেটে ও বুকে তীব্র যন্ত্রণা শুরু হয়। কিছু খেতে গেলেও তার কষ্ট হচ্ছিল। পরিবারের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসককে বিষয়টি জানানো হলে তিনি বলেন যে শিশুটি নাক-কান-গলা বিভাগের চিকিৎসকের অধীনে রয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসক পরের দিন এসে তাকে দেখবেন। কিন্তু শিশুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের পক্ষ থেকে তাকে অন্যত্র রেফার করে দেওয়ার অনুরোধ জানানো হয়, যাতে তারা কোনো নার্সিংহোমে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারেন। 
রাবিয়ার অভিযোগ, ‘ডাক্তারবাবু রেফার না করে বাচ্চার পেটে ও বুকে যন্ত্রণার জন্য একটি ইনজেকশন লিখে দিচ্ছেন বলেন। কিন্তু আমাদের হাতে কোনো প্রেসক্রিপশন দেওয়া হয়নি। হাসপাতাল থেকেই একটি ইনজেকশন নিয়ে আমার বাচ্চাকে পুশ করা হয়। আমার বাচ্চা ভালো ছিল, কথা বলছিল। কিন্তু ওই ইনজেকশনটা দেওয়ার পরই সব শেষ হয়ে গেল।’ সন্ধ্যায় শিশুটির মৃত্যুর পরেই ধৈর্যের বাঁধ ভাঙে পরিবারের সদস্যদের। ভুল ইনজেকশনেই শিশুর মৃত্যু হয়েছে, এই অভিযোগ তুলে মহিলা শল্যচিকিৎসা বিভাগে ভাঙচুর শুরু করেন ক্ষুব্ধ পরিজনরা। মুহূর্তের মধ্যে হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় উলুবেড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশি হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 
এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে থমথমে পরিবেশের সৃষ্টি হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মৃত শিশুটির মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে।

Comments :0

Login to leave a comment