মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইন্ডিয়া মঞ্চের প্রস্তাবিত ‘জনতার ইমপিচমেন্ট’ কর্মসূচি আপাতত স্থগিত। শুক্রবার রাজধানী দিল্লিতে সকাল থেকে একটানা বৃষ্টির কারণে এই কর্মসূচি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী মঞ্চ। শুক্রবার বিকেল সাড়ে ৩টের পরিবর্তে আগামী শনিবার একই সময়ে অনুষ্ঠিত হবে এই কর্মসূচি।
শুক্রবার বিকেল সাড়ে ৩টেয় মধ্য দিল্লির রাজাজি মার্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সরকারি বাসভবনের লনে এই কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে অবিরাম বৃষ্টির কারণে শেষ পর্যন্ত তা স্থগিত রাখতে বাধ্য হয় বিরোধী শিবির। শনিবার একই জায়গায় এবং একই সময়ে কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর, এই প্রতীকী অধিবেশনে সভাপতিত্ব করার কথা লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারের। মল্লিকার্জুন খাড়গে ‘ইমপিচমেন্ট প্রস্তাব’ পেশ করবেন। অধিবেশনের শেষ পর্বে বক্তব্য রাখার কথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। এছাড়াও ইন্ডিয়া মঞ্চের অন্তর্ভুক্ত প্রতিটি রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধি বক্তব্য রাখতে পারেন।
বৃহস্পতিবারই এই কর্মসূচির চূড়ান্ত রূপরেখা তৈরি করতে বৈঠকে বসেছিলেন বিরোধী নেতারা। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, জয়রাম রমেশ, কে সি বেণুগোপাল, মীরা কুমার, সমাজবাদী পার্টির হরেন্দ্র মালিক, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মহুয়া মাঝি এবং সিপিআই(এম)-এর জন ব্রিটাস-সহ একাধিক বিরোধী নেতা। ইন্ডিয়া মঞ্চের সাংসদদের কাছে ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
‘ভোট চুরি’ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদ জানাতেই এই প্রতীকী কর্মসূচির আয়োজন করেছে বিরোধী মঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও জানিয়ে আসছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। তাদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় একাধিক অনিয়ম হয়েছে এবং এর ফলে দেশের নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।
কংগ্রেসের দাবি, মঙ্গলবার এই কর্মসূচি আয়োজনের অনুমতি চাওয়া হলেও তা দেওয়া হয়নি। বিরোধীদের অভিযোগ, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার পাশাপাশি সাধারণ মানুষের প্রতিবাদের কণ্ঠস্বরও স্তব্ধ করার চেষ্টা করছে সরকার।
এদিকে, আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানেও মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বড়সড় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে INDIA মঞ্চ। ফলে বৃষ্টির কারণে শুক্রবারের কর্মসূচি পিছিয়ে গেলেও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীদের আন্দোলন যে অব্যাহত থাকছে, তা স্পষ্ট।
INDIA Alliance
বৃষ্টির জেরে পিছিয়ে গেল ইন্ডিয়া মঞ্চের ‘জনতার ইমপিচমেন্ট’, কর্মসূচি শনিবার
×
Comments :0