Landslide Raniganj

প্রবল বৃষ্টিতে রানিগঞ্জে একশো বর্গফুট ধসে গেল ২০ ফুট গভীরে

জেলা

বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে ধসে যাওয়া অংশ।

রানিগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রঘুনাথচক দুষাদপাড়া এলাকায় মঙ্গলবার আবারও ধস নামলো। সেই ধসকে কেন্দ্র করে এলাকায় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ধস সংলগ্ন এলাকার অদূরেই  ঘন জনবসতি, আইসিডিএস কেন্দ্র, স্কুল রয়েছে। সোমবার থেকে ব্যপক বৃষ্টিপাত চলছে। মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ প্রায় ১০০ বর্গফুট এলাকা ২০ ফুট গভীরে তলিয়ে যায়। জানা গেছে , ধসে যাওয়া এলাকায় ব্রিটিশ আমলের বেঙ্গল কোল কোম্পানির বহু পুরনো কয়লাখনি ছিল। সেখানে অবৈজ্ঞানিক ভাবে কয়লা উত্তোলন করা ও  কয়লা উত্তোলনের পর বালি ভরাট না করার কারণে এরকম ধসের ঘটনা ঘটে। এর আগেও ঐ এলাকাতেই ধসের ঘটনা ঘটেছিল। রঘুনাথচকের ষষ্টিতলা এলাকায় ২০২৩ সালে আগস্ট মাসে বর্ষার সময়ই ধ্বস নেমেছিল।

খনি অঞ্চলের মানুষজন উদ্বেগের সাথে বলেন, ধ্বসপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে এ ঘটনা ঘটতো না। এখন দ্রুততার সাথে ধসপ্রবণ এলাকা চিহ্নিত করে ভূ-গর্তে বালি ভরাট করা প্রয়োজন। 

সিআইটিইউ নেতা হেমন্ত প্রভাকর পুলিশ প্রশাসন এবং বিডিও (রানিগঞ্জ) কে ঘটনার বিবরণ জানিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলের জমি ব্যারিকেড করা হয়েছে।

Comments :0

Login to leave a comment