এনটিএকে বাতিল করো। এই দাবিতে রাস্তায় নামে এসএফআই। কলকাতা মেডিক্যাল কলেজের সমানে থেকে এই মিছিল শুরু হয়। কলেজ স্ট্রিট মোড় অবরোধ করে এসএফআই কর্মীরা। হঠাৎই রাস্তা খুলে দেয় পুলিশ। বাস চলাচল শুরু করে দেয়। তারপরই ক্ষোভে ফেটে পরে এসএফআই কর্মীরা। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে তারা।
ডাক্তারি প্রবেশিকা ‘নিট ২০২৬‘ পরীক্ষায় ব্যাপক হারে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে মঙ্গলবার গোটা পরীক্ষাটিকেই বাতিল বলে ঘোষণা করে ন্যাশনাল টেস্ট এজেন্সি (এনটিএ)। ৩ মে ডাক্তারি পরীক্ষায় ব্যাপক মাত্রায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই কারণে পরীক্ষা বাতিল হয়েছে। গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এসএফআই'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, "এনটিএকে বাতিল করতে হবে। গত ৯ বছরে ২৫টি সর্ব ভারতীয় প্রবেশিকা পরীক্ষাতে দুর্নীতি দেখা গেছে। তারপরও কেন এই সংস্থা কার্যকর আছে। কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক কী এই দুর্নীতির সঙ্গে যুক্ত? গোটা দেশের কয়েক কোটি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ফেলা হচ্ছে। একাধিক দুর্নীতির প্রক্রিয়া দেখা গেছে। এখন দেখা গেছে প্রশ্ন পত্র ফাঁস হয়েছে। বিহার, রাজস্থান, হরিয়ানা মহারাষ্ট্রের মতো রাজ্য থেকে প্রশ্ন ফাঁসের খবর পাওয়া যাচ্ছে।"
দেবাঞ্জনের দাবি, এই ঘটনা সংগঠিত ভাবে করা হচ্ছে। বিজেপি সরাসরি এই দুর্নীতি চক্রকে মদত দিচ্ছে এবং পরিচালনা করছে। বিজেপি শাসিত রাজ্য গুলি থেকেই এই চক্র চলছে অভিযোগ জানান তিনি।
তিনি স্পষ্ট জানান, অবিলম্বে এনটিএ মতো এজেন্সিকে বাতিল ঘোষণা করতে হবে। নতুন করে পরীক্ষা মূল্যায়নের পদ্ধতি এবং তা পুনর্বিন্যাস করতে হবে।
Comments :0