Hingalganj

লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা হিঙ্গলগঞ্জে গ্রেপ্তার ১

জেলা

উত্তর ২৪পরগনার হিঙ্গলগঞ্জে আর্থিক প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম শিবনাথ সরকার। ধৃত বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার কেওড়াখালি এলাকার বাসিন্দা। অভিযোগ, বসিরহাট, বামনগাছি ও বারাসাত সহ একাধিক এলাকায় ভুয়ো অফিস খুলে একটি সংস্থার কর্ণধার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতো সে।
অভিযোগকারীদের দাবি, লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে আধার কার্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়েছিল। হিঙ্গলগঞ্জের সেহেরাটি এলাকার বাসিন্দা সংগীতা মণ্ডলও শিবনাথের সঙ্গে যুক্ত হয়ে এই কাজ করতেন বলে অভিযোগ। বসিরহাট সহ বিভিন্ন এলাকার বেশ কয়েকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার পর শিবনাথ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে অভিযোগ।
বুধবার তার বাড়িতে কয়েকজন প্রতারিত ব্যক্তি টাকা ফেরতের দাবি নিয়ে হাজির হলে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় প্রশাসন। পরে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ শিবনাথ সরকারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আর্থিক প্রতারণার অভিযোগ ছাড়াও শিবনাথের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ সামনে এসেছে। কয়েকজন মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে তাদের কাছ থেকেও টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। ধৃত ব্যক্তির সঙ্গে আর কারা যুক্ত এবং প্রতারণার মাধ্যমে মোট কত টাকা সংগ্রহ করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Comments :0

Login to leave a comment