আনন্দানুষ্ঠানের প্রস্তুতি চলছিল জোরকদমে। আত্মীয়-স্বজনে ভরে উঠেছিল বাড়ি। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে সব আনন্দ নিমেষেই বিলীন হয়ে গেল। মেয়ের বিয়ের মাত্র দুদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো বাবার। রবিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের কালিরহাট সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির নাম প্রদীপ রায়।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আগামী মঙ্গলবার প্রদীপবাবুর মেয়ে প্রিয়াঙ্কা রায়ের বিয়ের দিন ধার্য ছিল। গধেয়ারকুঠি চড়চড়াবাড়ি এলাকায় বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের প্যান্ডেল থেকে শুরু করে নিমন্ত্রণ—সমস্ত প্রস্তুতিই সারা হয়ে গিয়েছিল। এদিন সকালে পরিবারের সদস্যরা স্থানীয় বড়কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিলেন প্রদীপবাবু। অভিযোগ, সেই সময় বাড়ির মোটর ঠিক করতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
বেশ কিছুক্ষণ সেই অবস্থায় পড়ে থাকার পর বাড়ির লোকেরা ফিরে এসে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাঁকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা প্রদীপবাবুকে মৃত বলে ঘোষণা করেন।
মুহূর্তের মধ্যে বিয়ের উৎসবের বাড়ি পরিণত হয় শ্মশানে। স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে ওঠে এলাকার বাতাস। একদিকে বিয়ের বাদ্যি বাজার অপেক্ষা, অন্যদিকে প্রিয়জনকে হারানোর শোক— এই দুইয়ের মাঝে দিশেহারা হয়ে পড়েছে গোটা পরিবার। ঘটনায় বসের ডাঙ্গা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
Electrocution
মেয়ের বিয়ের দুদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবার মৃত্যু
×
Comments :0