RSP Office

ময়নাগুড়িতে আরএসপি কার্যালয় ভাঙচুর, তদন্তে পুলিশ

জেলা

রাতের অন্ধকারে আর্থ মুভার দিয়ে আরএসপির দলীয় অফিস ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ময়নাগুড়িতে। মঙ্গলবার সকালে ঘটনা প্রকাশ্যে আসতেই পদমতি-১ গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মপুর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছে আরএসপি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ব্রহ্মপুর এলাকায় দীর্ঘদিন ধরেই আরএসপির ওই দলীয় কার্যালয় ছিল। চলতি বছরের মার্চে কার্যালয়টি নতুন করে সাজানো হয়েছিল। আরএসপির অভিযোগ, সোমবার গভীর রাতে একটি আর্থ মুভার এনে কার্যালয়টি ভেঙে দেওয়া হয়। মঙ্গলবার সকালে দলের কর্মীরা সেখানে গিয়ে বিষয়টি জানতে পারেন। আরএসপির দাবি, পাশের একটি দোকানের সিসি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই ফুটেজে গভীর রাতে আর্থ মুভার দিয়ে কার্যালয় ভাঙার দৃশ্য ধরা পড়েছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্তদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আরএসপি।
আরএসপির জেলা সম্পাদক সন্তোষ সরকার বলেন, ‘‘খবর পাওয়ার পরই এলাকায় আসি। পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছিল। গভীর রাতে আর্থ মুভার ব্যবহার করে কার্যালয়টি ভাঙা হয়েছে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি। দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।’’
পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং কী কারণে দলীয় কার্যালয়টি ভাঙা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Comments :0

Login to leave a comment