এক আইনের ছাত্রীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত, হিন্দু যুব বাহিনীর প্রাক্তন সদস্য, সুশীল প্রজাপতি উত্তর প্রদেশের গাজিয়াবাদের একটি জেল থেকে জামিন পাওয়ার পরই ফুলের মালা পরিয়ে তাঁকে বীরের মতো সংবর্ধনা দেওয়ার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
জামিনে ছাড়া পাওয়ার পরে ধর্ষণে অভিযুক্তকে সাদা জামা ও অসংখ্য গাঁদাফুলের মালা পরে একটি রোড-শো করতে দেখা গিয়েছে ভিডিও-তে। দিল্লির কাছে উত্তর প্রদেশের গাজিয়াবাদের গোটা ঘটনাতে ব্যাপক ক্ষোভও ছড়ায়।
ভিডিওটিতে দেখা যায়, সমর্থকেরা সুশীল প্রজাপতিকে কাঁধে তুলে নিয়ে স্লোগান দিচ্ছে। সেইসঙ্গে, প্রায় বিজয় মিছিলের মতো একটি শোভাযাত্রা বের করতেও দেখা যায়। পাশাপাশি, অভিযুক্তের আশেপাশে থাকা সমর্থকদের জয়ের ‘ভি' চিহ্ন দেখাতে দেখা যায়। অন্যদের থেকে তাদের মোবাইল ফোন দিয়ে ঘটনাটি রেকর্ড করার চেষ্টা করতে দেখা যাচ্ছিল ওই ভিডিওটিতে।
হিন্দু যুবা বাহিনীর এই নেতার বিরুদ্ধে অভিযোগ, ওই ছাত্রীকে একজন আইনজীবীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অজুহাতে একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ওই ঘটনার প্রায় নয় মাস পর, গত ১৭ মে অভিযুক্ত জামিনে মুক্তি পায়।
গোটা ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে যে, সমর্থকদের অভিযুক্তের উপর ফুল ছিটানো সহ যানবাহন নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়ার ভাইরাল ভিডিওগুলির তদন্ত করা হচ্ছে।
গোটা ঘটনায় সমাজবাদী পার্টির সভাপতি এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব উত্তর প্রদেশের যোগী সরকারের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি, ‘এটাই বিজেপির আসল চরিত্র‘ বলেও উল্লেখ করেন তিনি।
এক্স পোস্টে তিনি বলেন, ‘‘এর চেয়ে নিন্দনীয় আর কিছুই হতে পারে না, যেখানে এই ধর্ষণে অভিযুক্ত সেই দলেরই এক নেতা, সম্প্রতি যে দলের অকুন্ঠ প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।"
উল্লেখ্য, ধর্ষণে অভিযুক্ত বা নারী নিগ্রহে জড়িত প্রভাবশালীদের পাশে থাকার অভিযোগ ধারাবাহিকভাবে উঠেছে বিজেপি’র বিরুদ্ধে। গুজরাট সরকারের সাজা মকুব নীতির ফলে বিলকিস বানো ধর্ষণ মামলার এগারো জন সাজাপ্রাপ্ত আসামি জেল থেকে মুক্তি পায়। তারপরই, গুজরাটে বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে মালা পরিয়ে স্বাগত জানানো হয়।
২০০৮ সালের ২১ জানুয়ারি, মুম্বাইয়ের বিশেষ সিবিআই আদালত বিলকিস বানোকে গণধর্ষণ ও তার পরিবারের সাত সদস্যকে হত্যার অভিযোগে এগারোজন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড'র নির্দেশ দেয়। পরবর্তীতে বোম্বে হাইকোর্টও তাদের এই শাস্তির নির্দেশ বহাল রাখে।
মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তায় দায়ী প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের পাশেও থেকেছে বিজেপি। উন্নাও থেকে হাথরস, সর্বত্র এই প্রবণতা দেখা গিয়েছে।
Uttar Pradesh Rape Accused
ধর্ষণের অভিযুক্তের জামিনের পরই সংবর্ধনা, ক্ষোভ যোগীকে ঘিরে
×
Comments :0