Rolando

রোনাল্ডো এখনও সমান খিদে নিয়েই খেলছেন, মত পর্তুগাল কোচ মার্তিনেজের

খেলা

৪১ বছর বয়সেও থামার কোনও লক্ষণ নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। আগামী বিশ্বকাপই সম্ভবত তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। তবে সৌদি আরবে খেলতে যাওয়ার পরেও তাঁর পারফরম্যান্সে কোনও প্রভাব পড়েনি বলেই মনে করছেন পর্তুগালের কোচ রোবের্তো মার্তিনেজ। তাঁর মতে, ‘এখনও দেশের জার্সিতে সমান খিদে নিয়েই খেলছে রোনাল্ডো’।
২০২২ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদির ক্লাব আল নাসের-এ যোগ দিয়েছিলেন রোনাল্ডো। সেই সময় অনেকেই মনে করেছিলেন, ইউরোপের বড় মঞ্চ ছেড়ে গেলে তাঁর ফুটবলের ধার কমে যাবে। কিন্তু রোনাল্ডো বারবার মাঠে তার উলটো প্রমাণ দিয়েছেন।
পর্তুগালের কোচ মার্তিনেজ জানিয়েছেন, জাতীয় দলে জায়গা পেতে হলে বর্তমান ফর্মটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর মতে, ‘রোনাল্ডো এখনও দলের জন্য গুরুত্বপূর্ণ। সব কিছু জেতার পরেও তাঁর মধ্যে যে জয়ের খিদে রয়েছে, সেটা সত্যিই বিরল।’
রোনাল্ডো এবং লিওনেল মেসি  দু’জনেই ছ’টি বিশ্বকাপে খেলার নজির গড়তে চলেছেন। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ এবং গোলের রেকর্ড রোনাল্ডোর দখলে। তিনি একমাত্র ফুটবলার যিনি পাঁচটি বিশ্বকাপে গোল করেছেন।
সৌদি আরবে যাওয়ার পরে রোনাল্ডোকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। অনেকে বলেছিলেন, তিনি শুধু টাকার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু রোনাল্ডো বরাবরই সৌদি লিগের প্রশংসা করেছেন। তাঁর দাবি, এই লিগ ফ্রান্স ও পর্তুগালের লিগের থেকেও কঠিন। তিনি বলেন, ‘সংখ্যাই সব বলে দেয়।’
পর্তুগালের জার্সিতেও তিনি ধারাবাহিক ভাবে গোল করে চলেছেন। শেষ ৩০টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর গোল সংখ্যা ২৫। ২০২৫ সালে ইউএফা নেস্ন লিগ জেতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ফাইনালে স্পেনের বিরুদ্ধে গোলও করেছিলেন।
চোট-আঘাত থেকেও দ্রুত ফিরে এসেছেন রোনাল্ডো। মে মাসে সৌদি প্রো লিগে নিজের ১০০তম গোল পূর্ণ করেন তিনি। এখনও পর্যন্ত আল নাসরের হয়ে নিয়মিত গোল করে যাচ্ছেন। তাঁর সতীর্থ জোয়াও ফেলেক্স বলেছেন, ‘৪০ পেরিয়েও রোনাল্ডো যেভাবে খেলছেন, সেটা আমাদের আরও অনুপ্রাণিত করে।’
রোনাল্ডো আগেই জানিয়েছেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ হতে পারে। তবে তিনি আর কত দিন খেলবেন, তা এখনও স্পষ্ট নয়। কোচ মার্তিনেজও বলেছেন, ‘রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যদ্বাণী করা কঠিন। ও শুধু আজকে নিজের সেরাটা দিতে চায়।’

Comments :0

Login to leave a comment