15th August Bangladesh

বঙ্গবন্ধুকে হত্যার দিনে ধানমন্ডিতে নজরদারি, আটক ৪

আন্তর্জাতিক

রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার মধ্যেই নানা বাধা ও কড়াকড়ির মধ্যে বাংলাদেশে শনিবার পালিত হয়েছে ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে নিজ বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। হত্যাকাণ্ডের ৫১ বছর পূর্ণ হওয়ার দিনে প্রকাশ্য বড় কোনো কর্মসূচি না থাকলেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অনেকে বিচ্ছিন্নভাবে শোক পালন করেছেন বলে জানা গেছে।
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরকে ঘিরে ছিল বিশেষ নিরাপত্তা। সকাল থেকেই ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যায়। শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে আসা ব্যক্তিদের ওপরও ছিল নজরদারি। সেখানে শ্রদ্ধা জানাতে আসা অর্ণব দাস নামে একজনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাঁর পরিবারের অধিকাংশ সদস্যও নিহত হন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিনটি দীর্ঘদিন ধরে জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে এলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় এসেছে বড় পরিবর্তন।
এদিকে ১৫ আগস্টকে কেন্দ্র করে শোক পালন ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে। শনিবার বিকেলে পৃথক মামলার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত তাদের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এবারের ১৫ আগস্টে আওয়ামী লীগের পক্ষ থেকে আগের বছরগুলোর মতো আনুষ্ঠানিকভাবে বড় কোনো কর্মসূচি দেখা যায়নি। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ১৫ আগস্টের সরকারি ছুটিও বাতিল করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচির সুযোগও সীমিত।
তবে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্যক্তিগত উদ্যোগ এবং ছোট পরিসরে বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

Comments :0

Login to leave a comment