BJP Sitai

তৃণমূলের মতোই সিতাইয়ে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি

জেলা

শাসক দলের রাজনৈতিক ছত্রছায়ায় তোলাবাজ বাইক বাহিনীর দাপট সিতাইতে! সরকার বদলেছে ঠিকই, বাকি সব আছে তৃণমূল শাসনের মতই। বাইক বাহিনী আর তোলাবাজদের মুখ আর পতাকা বদল হয়েছে কেবল।
তৃণমূলের মতই সিতাই বিধানসভা কেন্দ্রে বিজেপি’র বাইক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে! একথা সাধারণ মানুষের নয়, বলছেন সিতাইয়ের বিজেপির নেতারা। এসব নিয়ন্ত্রণ করতে না পেরে দলের নেতারা একেবারে দলের কর্মীদের সাংগঠনিক সভায় উদ্বেগ প্রকাশ করছেন! 
সিতাই এলাকার বিজেপি’র মহিলা মোর্চার সম্পাদিকা বিউটি রায় এবং সিতাই বিধানসভা এলাকার দলীয় অবজার্ভার সুকুমার বর্মণ, মণ্ডল সভাপতি সুকুমার রায়ও উদ্বেগ প্রকাশ করছেন। যেমন নেত্রী বিউটি রায় কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা রাজনৈতিক পরিবর্তন করেছি কিন্তু নিজেদের পরিবর্তন করতে পারিনি। এলাকায় বাইক বাহিনী ঘুরছে। তাহলে তৃণমূল আর আমাদের মধ্যে পার্থক্য কোথায় রইল?’ ক্ষোভ বাড়ছে দলের নিচুতলায়।
বিধানসভা ভোটে এই কেন্দ্রে বিজেপি জয়ী হতে পারেনি। জিতেছেন তৃণমূলের সঙ্গীতা রায়। যদিও জেতার পর বিধায়ক এবং তার স্বামী সাংসদ জগদীশচন্দ্র রায় বসুনীয়া অনেকবার চেষ্টা করেও এলাকায় ঢুকতে পারেননি। বিজেপি নেতারা বিরোধীদের মুখ বন্ধ করতে এবং একের পর এক গ্রাম পঞ্চায়েত দখল করতে বাইক বাহিনীর সৃষ্টি করেছিল। তারাই এখন এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে এবং চাঁদাবাজী করছে।
কেবল সিতাই ব্লকেই নয় বিধানসভা কেন্দ্রের ওকেরাবাড়ি, গিতালদহ আটিয়াবাড়ি, গোসানিমারি এলাকায়ও বাইক বাহিনী সব কিছু নিয়ন্ত্রণ করছে। শীতলকুচিতে সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখার্জী’র ওপর হামলাতেও সিতাই লাগোয়া শীতলকুচির বাইক বাহিনীর যোগসূত্র মিলেছে। এছাড়াও সোমবার শীতলকুচির পঞ্চারহাটে বিজেপি’র নেতাদের ওপর ডিম হামলার পেছনেও বিজেপির বাইক বাহিনীকেই দেখা গেছে।
কোনও ক্ষেত্রেই পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। ফলে বিজেপি’র বাইক বাহিনীর সন্ত্রাস বেড়েছে।

Comments :0

Login to leave a comment