CPIM Polit Bureau

ভোজশালা-কামাল মওলা মসজিদ মামলায় মধ্য প্রদেশ হাইকোর্টের রায়ে গভীর উদ্বেগ প্রকাশ সিপিআই(এম) পলিটব্যুরোর

জাতীয়

মধ্যপ্রদেশের ভোজশালা-কামাল মওলা মসজিদ বিবাদ মামলায় মধ্যপ্রদেশ হাইকোর্টের সাম্প্রতিক রায়ে গভীর উদ্বেগ প্রকাশ করলো সিপিআই(এম) পলিট ব্যুরো। বিবৃতিতে বলা হয়েছে, এই রায়ের ফলে ভারতীয় সাধারণতন্ত্রের ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ভিত্তির ওপর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়তে পারে। গতকাল মধ্য প্রদেশ হাইকোর্ট বিতর্কিত ভোজশালাকে হিন্দু মন্দির বলে চিহ্নিত করেছে। আদালতের এই রায় সামনে আসার পর থেকে শুরু হয়েছে বিতর্ক।
পলিট ব্যুরো বিবৃতিতে জানিয়েছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) ওই চত্বরে মুসলিমদের প্রার্থনার অধিকার দিয়ে যে নির্দেশিকা জারি করেছিল, তা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। এই রায়ে সুপ্রিম কোর্টের বাবরি মসজিদ-রাম জন্মভূমি জমি বিবাদের যুক্তিরই প্রতিফলন দেখা যাচ্ছে। পলিট ব্যুরোর আশঙ্কা, আগামী দিনে এই ধরনের অন্যান্য বিবাদের ক্ষেত্রেও এই রায়ের একটি উল্লেখযোগ্য প্রভাব পড়বে।
পলিট ব্যুরো বলেছে, এই রায়কে কোন বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা ঠিক হবে না। ঐতিহাসিক ও ধর্মীয় বিবাদগুলিকে নতুন করে উসকে দিয়ে সাম্প্রদায়িক বিভাজন আরও গভীর করার যে ক্রমবর্ধমান প্রবণতা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে, এই রায় তারই একটি অংশ। পলিট ব্যুরো বিবৃতিতে কড়া ভাষায় জানিয়েছে, এই রায় ১৯৯১ সালের উপাসনাস্থল আইনকে সম্পূর্ণরূপে লঙ্ঘন করেছে। উল্লেখ্য, ধর্মীয় স্থান নিয়ে সাম্প্রদায়িক বিবাদ রুখতেই সংসদে এই আইনটি পাশ করা হয়েছিল। ধর্মীয় উপাসনাস্থলের চরিত্র না বদলানোর কথা বলা হয় আইনে।
সিপিআই(এম)-এর অভিযোগ, এই রায় বিজেপি-আরএসএসের মতো সাম্প্রদায়িক শক্তিগুলোকেই সাহায্য করবে। দেশের মানুষের দৈনন্দিন জীবনের জ্বলন্ত সমস্যাগুলি থেকে নজর ঘোরাতে তারা ধারাবাহিক ভাবে এই ধরনের বিভাজনমূলক ধর্মীয় বিষয়গুলিকে সামনে নিয়ে আসার চেষ্টা করে চলেছে।
পলিট ব্যুরো মনে করছে যে সুপ্রিম কোর্টে যখন এই রায়ের বিরুদ্ধে আপিল শুনানি হবে, তখন শীর্ষ আদালত মধ্য প্রদেশ হাইকোর্টের এই রায় খারিজ করে দেবে।
বিচারব্যবস্থার কাছে সংবিধানের ধর্মনিরপেক্ষ নীতিগুলি বজায় রাখার জোরালো আবেদন জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো। 
ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার এই অপচেষ্টাকে রুখে দাঁড়ানোর জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো। পাশাপাশি, জীবনজীবিকা, সামাজিক ন্যায়বিচার, সাম্য এবং দেশের সকল নাগরিকের অধিকার আদায়ের সংগ্রামকে আরও জোরদার করার ডাক দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment