সেপটিক ট্যাঙ্কে নেমে এক মহিলা সহ চারজনের মর্মান্তিক মৃত্যু। একজনকে বাঁচাতে গিয়ে একে একে চারজনের মৃত্যু ঘটনায় শোকের আবহ তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানার আঁতলা গ্রামে। আহত আরও এক জন হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের মধ্যে একই পরিবারের তিন জন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বোনের বাড়িতে সেপটিক ট্যাংকের কাজ করতে এসেছিলেন বদির মল্লিক। কাজ চলাকালীন কোনওভাবে ট্যাংকের ভিতরে পড়ে যান তিনি। তাঁকে উদ্ধার করতে গিয়ে ট্যাংকের ভিতরে পড়ে যান তাঁর বোন সারজিনা বিবি। এরপর মাকে বাঁচাতে গিয়ে ট্যাংকের ভিতরে পড়ে যান তাঁর ছেলে শেখ রবিউল। তাঁদের উদ্ধার করতে এগিয়ে আসেন প্রতিবেশী এক আত্মীয় শেখ সাহেব। তিনিও ট্যাংকের ভিতরে পড়ে যান। এই ঘটনায় চারজনেরই মর্মান্তিক মৃত্যু হয়।
পরপর চারজন ট্যাঙ্কের ভিতরে অসুস্থ হয়ে পড়ায় তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন এক প্রতিবেশী যুবক। কিন্তু উদ্ধার করতে গিয়ে তিনিও অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত মোহনপুরের বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। অসুস্থ যুবকের নাম শেখ আবুকালাম। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মোহনপুর থানার পুলিশ। মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় খড়্গপুর মহকুমা হাসপাতালে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।
West Medinipur
সেপটিক ট্যাঙ্কে নেমে পশ্চিম মেদিনীপুরে মৃত ৪
×
Comments :0