Joypur Accident

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত জয়পুরের ৪ যুবক, আহত ১

জেলা

জয়পুরের সলদাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় চার যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে এই দুর্ঘটনায় মৃতদের চারজনেরই বাড়ি জয়পুর ব্লকের বিভিন্ন গ্রামে। 
মৃতেরা হলেন বৈতল গ্রামের পল্লব সাঁতরা, উজ্জল বায়েন, ও রাজগ্রামের অনন্ত সাঁতরা। মৃত আরেক যুবক বাপি রুইদাসের বাড়ি ডাহুকা-কাঞ্চননাইরি গ্রামে। 
দুর্ঘটনায় গেলিয়ার যুবক রণদেব সাঁতরা গুরুতরভাবে আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
জানা গেছে, শনিবার সন্ধ্যায় দু’টি মোটর সাইকেলে করে ৫জন যুবক ফিরছিলেন। একটিতে তিনজন আর অন্যটিতে দুজন ছিলেন। এঁরা সকলেই ২০-২৬ বছর বয়সের মধ্যে। এই পাঁচ বন্ধু মিলে বিষ্ণুপুরে গিয়েছিল মোটর সাইকেলের কিস্তির টাকা মেটাতে। ফিরে এসে তাঁরা জয়পুরের বনলতা হোটেলে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছিলেন। রাত ১১টা নাগাদ কোতুলপুর দিক থেকে একটি মাল বোঝাই লরি সরাসরি দুটি মোটর সাইকেলকে ধাক্কা মারলে পাঁচজনেই রাস্তার মধ্যেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। 
রাতের অন্ধকারে ঘটনাটি ঘটায় স্থানীয় মানুষজনও সঙ্গে সঙ্গে জানতে পারেননি। জানার পরে পুলিশকে খবর দেওয়া হয়। জয়পুর থানার পুলিশ সলদায় এসে পাঁচজনের রক্তাক্ত দেহ উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চারজনকে মৃত বলেই ঘোষণা করেন। 
এই ঘটনায় রবিবার জয়পুরের গ্রামগুলিতে শোকের ছায়া নেমে আসে। পরিবারের লোকজন বিষ্ণুপুর হাসপাতালে ছুটে যান। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত লরিটির সন্ধান পাওয়া যায়নি।

Comments :0

Login to leave a comment