পুজোর মুখে বোনাস নিয়ে বঞ্চনার অভিযোগে জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ীর নবদ্বীপ কোল্ড স্টোরেজের শ্রমিকরা ক্ষোভে ফুঁসছেন। অভিযোগ, দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী বোনাস দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ হিমঘরের ১৬০ জন শ্রমিকের মধ্যে মাত্র ৮০ জনকে বোনাস দেওয়ার কথা জানিয়েছে। বাকি ৮০ জনকে বোনাস থেকে বঞ্চিত করার এই সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকরা সরব হয়েছেন। চুক্তি মেনে সমস্ত শ্রমিককে বোনাস দেওয়ার দাবিতে সিআইটিইউ অনুমোদিত হিমঘর শ্রমিক কর্মচারী সংগঠন আন্দোলনে নেমেছে।
শ্রমিক সংগঠন সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপ কোল্ড স্টোরেজে ৮০ জন পুরুষ ও ৮০ জন মহিলা শ্রমিক কাজ করেন। অভিযোগ, বোনাস দেওয়ার ক্ষেত্রে পুরুষ শ্রমিকদের মধ্যে ৪০ জন এবং মহিলা শ্রমিকদের মধ্যে ৪০ জনকে বেছে নেওয়া হয়েছে। ফলে অর্ধেক শ্রমিক বোনাস থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যান্য হিমঘরে চুক্তি অনুযায়ী বোনাস দেওয়া হলেও এখানে কেন বৈষম্যমূলক সিদ্ধান্ত, শ্রমিকরা সেই প্রশ্ন তুলেছেন।
শ্রমিকদের বক্তব্য, সারা বছর কঠোর পরিশ্রম করার পর উৎসবের সময়ে বোনাস তাঁদের ন্যায্য পাওনা। সেই টাকা দিয়ে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর আশায় থাকেন। কিন্তু পুজোর মুখে মালিক পক্ষের এই সিদ্ধান্তে শ্রমিক পরিবার গুলির উৎসবের আনন্দ ম্লান হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বোনাস কোনও দয়া বা অনুগ্রহ নয়, তা শ্রমিকদের অধিকার বলেই দাবি।
বিক্ষোভকারী শ্রমিক সুদীপ রায় বলেন, “সারা বছর কাজ করানোর পর পুজোর মুখে এই ধরনের বৈষম্যমূলক আচরণ মেনে নেওয়া হবে না। চুক্তি অনুযায়ী সমস্ত পুরুষ ও মহিলা শ্রমিককে বোনাস দিতে হবে।”
ঘটনার খবর পেয়ে হিমঘর শ্রমিক কর্মচারী সংগঠন শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে। সংগঠনের জেলা নেতৃত্ব কৃষ্ণ সেন ও নরেশ শর্মা পরিস্থিতি পর্যালোচনা করে আন্দোলন সংগঠিত করার উদ্যোগ নিয়েছেন।
সিআইটিইউ অনুমোদিত সংগঠনের জেলা নেতৃত্ব কৃষ্ণ সেন জানান, শ্রমিক ও মালিকপক্ষের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই বোনাসের পরিমাণ চূড়ান্ত হয়েছিল। চুক্তি অনুযায়ী প্রত্যেক পুরুষ শ্রমিকের ৫ হাজার টাকা এবং প্রত্যেক মহিলা শ্রমিকের ৪ হাজার ৫০০ টাকা বোনাস পাওয়ার কথা। তাঁর অভিযোগ, মালিক পক্ষের বর্তমান অবস্থান দ্বিপাক্ষিক চুক্তির পরিপন্থী। অবিলম্বে চুক্তি মেনে সমস্ত শ্রমিকের বোনাস মেটানোর দাবি জানিয়েছেন। অন্যথায় সংগঠন বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।
পুজোর মরশুমে বোনাস নিয়ে এই বিরোধ ঘিরে নবদ্বীপ কোল্ড স্টোরেজে শ্রমিক অসন্তোষ তীব্র হয়েছে। শ্রমিকরা ন্যায্য পাওনা আদায় না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
Cold Storage Bonus
বোনাস বঞ্চনার অভিযোগ হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে
×
Comments :0