Government Hospital

সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার নামে টাকা নেওয়ার অভিযোগ

জেলা

সরকারি হাসপাতালে রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা। অথচ ধূপগুড়ি মহকুমা হাসপাতালের পরীক্ষাগারে রক্ত পরীক্ষার নামে রোগীর পরিজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় হাসপাতালের পরিষেবা ও নজরদারি নিয়ে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। ইতিমধ্যে অভিযোগকারী ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
জানা গেছে ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সরস্বতী রায় মঙ্গলবার তাঁর আট বছরের মেয়েকে নিয়ে মহকুমা হাসপাতালে চিকিৎসকের কাছে আসেন। চিকিৎসক তিনটি রক্ত পরীক্ষা করানোর পরামর্শ দেন। এরপর মেয়েকে নিয়ে হাসপাতালের পরীক্ষাগারে গেলে এক কর্মী জানান, তিনটি পরীক্ষার মধ্যে দু’টি হাসপাতালে করা সম্ভব হলেও একটি পরীক্ষা বাইরে থেকে করাতে হবে।
অভিযোগ, পরে ওই কর্মী পরীক্ষাটি বাইরে থেকে করানোর কথা বলে হাসপাতালের পরীক্ষাগারেই করে দেওয়ার প্রস্তাব দেন। এর বিনিময়ে প্রথমে ৭০০ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। পরে দরদাম করে ৪০০ টাকার বিনিময়ে পরীক্ষা করে দেওয়ার কথা বলা হয় এবং সরস্বতী রায়ের কাছ থেকে নগদ ৪০০ টাকা নেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনায় ক্ষুব্ধ সরস্বতী রায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। তাঁর প্রশ্ন, সরকারি হাসপাতালে যে পরিষেবা বিনামূল্যে পাওয়ার কথা, সেখানে রোগীর কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে কেন।ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে অভিযোগ, এর আগেও ওই কর্মীর বিরুদ্ধে টাকার বিনিময়ে হাসপাতালে রক্ত পরীক্ষা করানোর অভিযোগ উঠেছিল। ফলে ঘটনাটি কোনও বিচ্ছিন্ন ঘটনা কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্য পরিষেবায় বেআইনিভাবে অর্থ আদায়ের অভিযোগের যথাযথ তদন্তের পাশাপাশি হাসপাতালের পরীক্ষাগারে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
ধূপগুড়ি হাসপাতালের বিএমওএইচ দেবদাস মণ্ডল বলেন, ‘‘লিখিত অভিযোগ হয়েছে বলে শুনেছি। তবে এখনও আমার কাছে অভিযোগপত্র পৌঁছয়নি। অভিযোগ হাতে পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।’’

Comments :0

Login to leave a comment