দমকা হাওয়ার দাপটে জিটি রোডের উপর ভেঙে পড়ল আলোর তোরণ। ঘটনায় সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয় পান্ডুয়ায়।
কালীপুজো উপলক্ষে পান্ডুয়ার তিন্না ইলামপুর বারোয়ারি ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে জিটি রোডের উপর তৈরি করা হয়েছিল আলোর গেট। বুধবার দুপুরে হঠাৎ দমকা হাওয়া ও বৃষ্টির মধ্যেই আচমকা ভেঙে পড়ে গেট। ব্যাস্ত জিটি রোডের উপর আলোর তোরণ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয় এবং তৈরি হয় তীব্র যানজট।
ঘটনার পর দ্রুত পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন পুজো উদ্যোক্তারা। বাঁশ কেটে রাস্তার উপর থেকে ভেঙে পড়া গেট সরিয়ে জিটি রোড পরিষ্কার করার কাজ শুরু করেন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ঘটনাপ্রসঙ্গে পুজো কমিটির সাধারণ সম্পাদক সুমন মন্ডল বলেন, "সকাল থেকে রোদ ছিলো,হঠাৎ মেঘলা হয়ে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়। বৃষ্টি ও ঝড় শুরু হয়। একটা অটো যাচ্ছিলো, চালকের একটু ক্ষতি হয়েছে। প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে কমিটির সদস্যরা গেট সরিয়ে রাস্তা পরিষ্কার করি। আমরা কেউ বুঝতে পারিনি এই ঝড়ে গেট ভেঙে পরবে।" বর্তমানে জিটি রোড যানজটমুক্ত রয়েছে।
Comments :0