বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যে ১৫২ টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে। তার আগে প্রচুর নগদ টাকা সহ গ্রেপ্তার বিজেপি প্রার্থীর ভাই। ধৃতের নাম বিপ্লব দাস। মালদহের চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থীর ভাইয়ের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর নগদ টাকা। নির্বাচনের আগে নাকা চেকিং চালাচ্ছে প্রশাসন। প্রতিদিনই উদ্ধার হচ্ছে প্রচুর নগদ টাকা, সেই খবর পাওয়া যাচ্ছে। এক কথায় ভোটের আবহে নজিরবিহীন কড়াকড়ি নির্বাচন কমিশনের। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই অবৈধ নগদ, মদ, মাদক ও নানা প্রলোভনসামগ্রী বাজেয়াপ্ত করেছে। ভোটের দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে নজরদারি। বুধবার চাঁচল বিধানসভার বরুই অঞ্চলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর অভিযানে নামে। গ্রামীণ রাস্তায় টহল দেওয়ার সময় বিপ্লব দাসের বাইক আটকায় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ প্রায় ২ লক্ষ ৭৯ হাজার টাকা। ওই টাকার উৎস কি তার সন্তোষজনক উত্তর না মেলায় তাঁকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃত বিপ্লব দাস চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থী রতন দাসের ভাই। বিজেপির তরফে দাবি করা হয়েছে, ধৃত রতন দাস ব্যবসায়ী। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
Malda
প্রচুর নগদ টাকা সহ গ্রেপ্তার বিজেপি প্রার্থীর ভাই
×
Comments :0