Ranaghat Hospital BJP

রানাঘাট হাসপাতালে সুপারের ঘরে ঢুকে হুমকি বিজেপি নেতার

জেলা

হাসপাতাল সুপারের ঘরে ঢুকে হুমকি, গালিগালাজ ও অসভ্য আচরণ করার অভিযোগ বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সহ-সভাপতি স্বপন ঘোষের বিরুদ্ধে। রানাঘাট থানায় ওই বিজেপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারী।হাসপাতাল সূত্রে খবর, সম্প্রতি রানাঘাট মহকুমা হাসপাতাল থেকে এক চিকিৎসাধীন মাঝ বয়সী মহিলাকে ছুটি দেওয়া হয়। অভিযোগ, ওই মহিলার ছুটির নথিতে তিনি প্রতিবন্ধী এবং তাঁর সই করার ক্ষমতা নেই বলে উল্লেখ করে দেওয়ার জন্য হাসপাতাল সুপারকে বারংবার রীতিমতো ধমকের সুরে চাপ দিতে থাকেন বিজেপি নেতা স্বপন ঘোষ। বৃহস্পতিবার দুপুরে আরও দু’একজনকে সঙ্গে নিয়ে সম্পূর্ণ অনুমতি ছাড়াই সুপারের চেম্বারে ঢুকে যান তিনি। অভিযোগ, কোনও অনুমতি ছাড়াই ঘরে ঢুকে ওই বিষয়টি নিয়ে সুপারের উপর হুমকি দিয়ে রীতিমতো অসভ্য ভাষা প্রয়োগ করে বারংবার চাপ দিতে থাকেন ওই বিজেপি নেতা। 
সুপার প্রহ্লাদ অধিকারী তাঁকে জানান, সংশ্লিষ্ট রোগীকে সরাসরি পরীক্ষা না করে এ ধরনের শংসাপত্র বা মন্তব্য নথিতে লিখে দেওয়া সম্ভব নয়। আর তারপরেই ফুঁসে ওঠেন ওই বিজেপি নেতা। অভিযোগ, সুপারকে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শুরু করেন তিনি, তাঁকে রীতিমতো হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। 
ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান রানাঘাট থানার পুলিশ আধিকারিকেরা। পরে সুপার নিজেই রানাঘাট থানায় গিয়ে বিজেপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় বর্তমানে নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারী। 
যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা। তাঁর দাবি, ওই মহিলার অন্নপূর্ণা যোজনার ভাতা যাতে বন্ধ না হয়ে যায়, সেই কারণেই তিনি রানাঘাট মহকুমা হাসপাতালের সুপারকে বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেছেন ওই বিজেপি নেতা।
যদিও,  রানাঘাটের একটা বড় অংশের মানুষজন রানাঘাটের বিজেপি নেতা স্বপন ঘোষের আচার আচরণে একেবারে তিতিবিরক্ত। এ বিষয়ে তাঁরা বলেন, আজকের নয় প্রকৃতপক্ষে স্বপন ঘোষ বহু বছর আগে থেকেই মানুষজনের সাথে দুর্ব্যবহার করে এবং সব সময়ই মানুষের সাথে তুচ্ছ তাচ্ছিলের সুরে কথাবার্তা বলে থাকেন। এই ঘটনার প্রতিবাদে আজ শনিবার হাসপাতালের চিকিৎসক নার্স সহ সমস্ত শ্রেণীর স্বাস্থ্যকর্মী বুকে কালো ব্যাজ পরে হাসপাতালের চৌহিদ্দির মধ্যে মিছিল করে প্রতীকী প্রতিবাদ জানান। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তর।

Comments :0

Login to leave a comment