বই
মুক্তধারা
অজানা মানুষের অজানা কথা : স্বাধীনতার আন্দোলনে মুসলিম স্বাধীনতা সংগ্রামীদের অবদান
কৃশানু ভট্টাচার্য
বেগম হজরত মহলের কথা আমরা কতজন জানি? কিম্বা ফিরোজ শার বলিষ্ঠ নেতৃত্বের কথা? চিরাচরিত ইতিহাস পুস্তকে এজাতীয় চরিত্রের উল্লেখ থাকলেও বিস্তারিত আকারে তাদের সম্পর্কে জানা এখনো সহজ নয়। পাঠকদের কৌতূহল নিবৃত্তির জন্য এবং এ দেশের স্বাধীনতা আন্দোলনে মুসলিম সম্প্রদায়ের অংশগ্রহণ নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব দিতে সম্প্রতি প্রকাশিত হয়েছে দুই খন্ডের একটি গ্রন্থ। বইটির নাম মুসলিম ফ্রিডম ফাইটারস অফ ইন্ডিয়া- দ্যা ভয়েসেস হিস্ট্রি বুরিড।
আমাদের আজকের আলোচ্য এই বইটির প্রথম খন্ড। এই খন্ডে বিস্তারিত আকারে যাদের কথা বলা হয়েছে তাদের কয়েকজনের নাম আমাদের জানা। যেমন সিরাজউদ্দৌলা, টিপু সুলতান, মুঘল সম্রাট বাহাদুর শাহ, তিতুমীর, শাহ ওয়ালিউল্লাহ এবং স্যার সৈয়দ আহমেদ খান। কিন্তু এদের পাশাপাশি অপেক্ষাকৃতভাবে কম চর্চিত বেশ কয়েকজন মানুষের কথা বিস্তারিত আকারে আলোচনায় উঠে এসেছে। এদের মধ্যেই রয়েছেন বেগম হযরত মহল, মৌলভী আহমাদুল্লাহ শাহ , ফিরোজ শাহ , শিয়া উলেমা , বখত্ খান এবং খান বাহাদুর খান। এছাড়াও রয়েছে হাজী শরীয়ত উল্লাহ , ইমরান শাহ , আব্দুল আজিজের মত ফরাজী এবং ওয়াহাবী আন্দোলনের নেতৃত্বদের কথা।
১৮৫৭ সালের মহাবিদ্রোহের দিল্লিতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন ফিরোজ শাহ। ওই মহাবিদ্রোহের অযোধ্যায় শিয়া উলেমার ভূমিকাও কম ছিল না। ১৮৫৮ মার্চ মাসে লখনউ দখল করবার পর ব্রিটিশ শাসকদের তীব্র হিংসাশ্রয়ী অত্যাচারী জর্জরিত হয়েছিল অযোধ্যা প্রদেশের মানুষ। অন্যদিকে দিল্লিতে এই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন বখত্ খান এবং খান বাহাদুর খান। খান বাহাদুর খানকে নির্মমভাবে হত্যা করে ব্রিটিশ বাহিনী। ইতিহাসের পাতায় সে অর্থে চর্চিত না হলেও তাদের আত্মত্যাগের মূল্য অপরিসীম।
সালিম খান বেশ কিছু উল্লেখযোগ্য প্রাচীন গ্রন্থকে অবলম্বন করে এদের কথা তুলে ধরেছেন তাঁর দুই খন্ডের বইয়ের মধ্যে। অন্যতম প্রধান বিশেষত্ব হল এই বইয়ের শেষে প্রতিটি অধ্যায় রচনার ক্ষেত্রে তিনি কোন কোন বইয়ের সাহায্য নিয়েছেন তার বিস্তারিত উল্লেখ। সুমুদ্রিত এই গ্রন্থটি একদিকে যেমন ইতিহাসের নিবিষ্ট পাঠকের কাছে আকর গ্রন্থ হয়ে উঠতে পারে তেমনি এটি সাধারণ পাঠকের বহু প্রশ্নের উত্তর দেবে। বিশেষ করে আজকের ভারতবর্ষে এই অত্যন্ত জটিল সময়ে ইতিহাসকে নিজেদের রাজনৈতিক স্বার্থে বিকৃতভাবে ব্যবহার করবার যে প্রবণতা সর্বগ্রাসী সে সময়ে দাঁড়িয়ে এ জাতীয় গ্রন্থ সময়ের চাহিদা মেটাচ্ছে।
মুসলিম ফ্রিডম ফাইটারস অফ ইন্ডিয়া- সালিম খান প্রথম খন্ড
হোয়াইট ফ্যালকন পাবলিশিং, চন্ডিগড়
Comments :0