Annapurna Yojana Cut Money

রাজপুর সোনারপুরে অন্নপূর্ণা যোজনার নামে কাটমানি নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে

জেলা

রাজপুর সোনারপুর পৌরসভার বোড়ালে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে পার্থ সাহা নামে স্থানীয় এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের বোড়াল পৈলান পাড়ার এই ঘটনায় স্থানীয় নরেন্দ্রপুর থানায় ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। লিখিত অভিযোগ দায়ের করেন মহিলারা।
স্থানীয় মহিলারা অভিযোগ করে বলেন, প্রথম অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাঙ্কে ঢোকার পর বিজেপি কর্মী পার্থ সাহা জোরপূর্বক দেড় হাজার টাকা করে আদায় করে। অন্নপূর্ণা প্রকল্পে নাম অন্তর্ভূক্ত করিয়ে দেওয়ার জন্য অর্ধেক টাকা তাঁকে দিতে হবে। তাঁর দাবি মতো প্রথমে টাকা না দেওয়ায় হেনস্থা করে। জোরপূর্বক টাকা আদায় করে। পার্থ সাহা নিজেকে বিজেপির কর্মকর্তা বলে দাবি করেন। স্থানীয় ওই মহিলারা এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। 
পৈলান পাড়ার বাসিন্দা মৌসুমী সমাদ্দার, মামনি পৈলান, পুতুল পৈলান, টুম্পা পৈলান, অনুরাধা মৈত্র, সুস্মিতা মন্ডলসহ আরো অনেকেই ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে অন্নপূর্ণা যোজনার নাম করে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন। কারো অভিযোগ পাঁচশো টাকা দিতে হয়েছে। তাঁদের কথায়, যেদিন প্রথম ব্যাঙ্কে টাকা ঢোকে সেদিন রাতে বাড়িতে পার্থ সাহা এসে বলেন, টাকা ঢুকেছে। আমরা বলি হ্যাঁ। তারপর সে বলে দেখলেন আপনারটা করিয়ে দিলাম। সিস্টেমটা জানেন তো কি। সিস্টেম হলো এটাই দেড় হাজার টাকা দেবেন। পরের দিন অন্য মহিলাদের জিজ্ঞাসা করে জানতে পারি তাঁদের কাছ থেকে টাকা নিয়েছে। 
বিজেপির স্থানীয় মন্ডল সহ সভাপতি বরুণ হালদার এবিষয়ে জানিয়েছেন, অন্নপূর্ণার টাকা পাইয়ে দেওয়ার পর জোরপূর্বক মহিলাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। দেড় হাজার টাকা করে নেওয়া হচ্ছে। 
যদিও বোড়ালের বাসিন্দা অভিযুক্ত বিজেপি কর্মী তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে বলেছেন, বিল দিয়ে টাকা নেওয়া হয়েছে। মন্দিরর পাড় বাধানোর জন্য টাকা নেওয়া হয়েছে। এদিকে বোড়ালে অন্নপূর্ণা যোজনায় প্রাপক মহিলাদের কাছ থেকে কাটমানি নেওয়ার ঘটনায় শোরগোল পড়েছে রাজপুর সোনারপুর পৌরসভা এলাকায়। 

Comments :0

Login to leave a comment