South Dhupjhora

বন্য শুকর ও হাতির তাণ্ডব! পাকা ধান তোলার আগেই কাঁচা ধান কাটতে বাধ্য হচ্ছেন কৃষকরা

জেলা

ধান পাকার অপেক্ষা আর সইল না। জঙ্গলঘেঁষা এলাকায় বন্য শুকর এবং হাতির পালের লাগাতার উপদ্রবে মাটিয়ালি ব্লকের দক্ষিণ ধূপঝোরা এলাকার চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। ধান সম্পূর্ণ পাকার আগেই তা কেটে ঘরে তুলতে বাধ্য হচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এই মুহূর্তে দক্ষিণ ধূপঝোরা এলাকার কৃষকরা ধান কাটার কাজে চরম ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে এই ব্যস্ততা আনন্দের নয়, বরং জীবন ও জীবিকা বাঁচানোর এক মরিয়া লড়াই। এলাকার পাশেই জঙ্গল থাকায় সেখান থেকে প্রায় প্রতিদিনই বন্য শুকর ও হাতির দল লোকালয়ে চলে আসছে। সন্ধ্যা নামলেই সবুজ ধানক্ষেতে হাতির দল এবং বন্য শুকরের পাল হানা দিচ্ছে। কৃষকদের অভিযোগ, বন্য শুকর ও হাতির দল শুধু ধান খাচ্ছে তা নয়, পায়ের নিচে পিষে ও দাপিয়ে পুরো খেত নষ্ট করে দিচ্ছে। সারাদিন হাড়ভাঙা পরিশ্রমের পর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধানক্ষেত পাহারা দিয়েও এদের ঠেকানো যাচ্ছে না। একদিক থেকে তাড়িয়ে দিলে তারা অন্য ক্ষেতে গিয়ে তাণ্ডব চালাচ্ছে। ফলস্বরূপ, ফসল পুরোপুরি পেকে ওঠার আগেই কৃষকরা লোকসান এড়াতে কাঁচা ধান কেটে ঘরে তুলতে বাধ্য হচ্ছেন। বুলবুলি, হাতি ও বন্য শুকরের এই নিত্যদিনের হানায় দক্ষিণ ধূপঝোরা এলাকার কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। স্থানীয় বাসিন্দারা জঙ্গলঘেঁষা এই জনপদে বন্যপ্রাণীর অবাধ বিচরণ রুখতে এবং কৃষকদের কষ্টের ফসল রক্ষায় বন দপ্তরের স্থায়ী ও কার্যকর হস্তক্ষেপের দাবি তুলেছেন।

Comments :0

Login to leave a comment