MA Baby

বিলকিস বানু মামলায় সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা বেবির

জাতীয়

বিলকিস বানু ধর্ষণ মামলায় অন্যতম দুই অভিযুক্তকে সুপ্রিম কোর্টের জামিন দেওয়ার ঘটনায় সরব হলেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি। এক্সহ্যান্ডেলে বিলকিস বানুর একটি বক্তব্য পোস্ট করে বেবি লিখেছেন, ‘বিলকিস বানুর ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ১১ জনের মধ্যে ২ জনকে জামিন দেওয়ার যেই রায় সুপ্রিম কোর্ট দিয়েছে তা হতাশা জনক।’ উমর খালিদের জামিনের প্রসঙ্গ টেনে বেবি লিখেছেন, ‘রাজনৈতিক বন্দি চিহ্নিত করে একজন যুবককে বিনা বিচারে জেলে আটকে রাখা হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আদালত তাদের জামিন দিচ্ছে সেই অভিযুক্তদের যারা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে নিজেদের বাঁচার চেষ্টা করেছিলেন। ২০২২ সালে গুজরাট আদালত এই অভিযুক্তদের ছাড়ের ব্যবস্থা করেছিল।’ বেবি স্পষ্ট ভাবে জানিয়েছেন ন্যায় বিচারের দাবিতে বিলকিস বানুর যেই লড়াই সেই লড়াইয়ের পাশে তিনি এবং তার দল সব সময় রয়েছেন।
উল্লেখ্য গতকাল সুপ্রিম কোর্টের এই রায়ের পর আইবজীবী মারফত একটি বক্তব্য প্রকাশ করেন বিলকিস। যেখানে ন্যায় বিচারের দাবিতে তার লড়াইয়ের কথা ফুটে উঠেছে।
বিলকিস বলছেন, ‘অত্যন্ত বেদনার সাথে কথা গুলো বলতে হচ্ছে। সুপ্রিম কোর্ট দ্বিতীয় বারের জন্য যখন দুজন অভিযুক্তকে জামিন দিচ্ছেন তখন আমি বিষয়টি সংবাদমাধ্যম সূত্রে জানতে পারছি। এর আগেও যখন জামিন দেওয়া হয়েছিল তখন আমার কথা শোনা হয়নি। এবারও তা শোনা হয়নি।’ দীর্ঘ ২৪ বছর ন্যায় বিচারের জন্য তার লড়াইয়ের কথাও উল্লেখ করেছেন বানু।
বিলকিস বানো ধর্ষণ ও তার পরিবারের সদস্যদের হত্যার মামলায় অভিযুক্ত দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করে তাদের জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। গত ২৮ অক্টোবর এই নির্দেশ দেয় শীর্ষ আদালত। আদালতের পর্যবেক্ষণ, দুই আবেদনকারী ইতিমধ্যেই ১৭ বছরেরও বেশি সময় কারাগারে কাটিয়েছেন। তাদের আপিলে এমন কিছু আইনি ও তথ্যগত প্রশ্ন রয়েছে, যা বিস্তারিত বিবেচনার দাবি রাখে।
জামিন পাওয়া দুই ব্যক্তি হলেন বিপিনচন্দ্র যোশী এবং প্রদীপ মোধিয়া। ২০১৭ সালের মে মাসে বোম্বে হাই কোর্ট তাদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন তারা। জামিন মঞ্জুর করার সময় আবেদনকারীদের মধ্যে যোশীর শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টিও বিবেচনায় নেয় আদালত।
শুনানিতে দুই সাজাপ্রাপ্তের জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী অপরাধের ভয়াবহতা এবং নিম্ন আদালত ও হাইকোর্টের একাধিক অভিন্ন সিদ্ধান্তের কথা তুলে ধরেন। অন্যদিকে, অভিযুক্তদের আইনজীবীর দাবি, তাদের একজনের নাম প্রাথমিক এফআইআরে ছিল না। ঘটনার প্রায় তিন বছর পর তাকে এই মামলায় অভিযুক্ত করা হয়।
এর আগে চলতি বছরের মার্চ মাসে তাদের আবেদনের ভিত্তিতে নোটিশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। পূর্ববর্তী শুনানিতে অভিযুক্তের আইনজীবী দাবি করেছিলেন, ধর্ষণের অভিযোগ সংক্রান্ত পুলিশি বয়ান এবং চিকিৎসকের কাছে মেডিক্যাল পরীক্ষার সময় দেওয়া বিবৃতিতে নির্যাতিতা এই দুই ব্যক্তির নাম উল্লেখ করেননি। তাদের বিরুদ্ধে কোনও নির্দিষ্ট অপরাধমূলক কাজের অভিযোগও আনা হয়নি বলে দাবি করেন আইনজীবী। তার বক্তব্য, ঘটনার সময় তারা ভিড়ে উপস্থিত থাকতে পারেন এই সম্ভাবনাই তাদের বিরুদ্ধে একমাত্র প্রমাণ হিসেবে দেখানো হয়েছে।
উল্লেখ্য, বিলকিস বানো মামলায় মোট ১১ জন দণ্ডিতের আগাম মুক্তি বা রেমিশন ২০২৪ সালের জানুয়ারিতে খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। গুজরাট সরকারের দেওয়া মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিলকিস বানো। শীর্ষ আদালত জানায়, এই মামলায় দণ্ডিতদের সাজা মকুব করার এক্তিয়ার গুজরাট সরকারের ছিল না। ১১ জনকেই দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনে প্রত্যেকেই কারাগারে ফিরে যান।
২০০২ সালের গুজরাট হিংসার সময় বিলকিস বানোর বয়স ছিল ২১ বছর। তিনি তখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সেই সময় তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। তার পরিবারের সাত সদস্যকে হত্যা করা হয়েছিল। নিহতদের মধ্যে ছিল তার তিন বছরের শিশুকন্যাও।
দুই দণ্ডিতের জামিনের নির্দেশ ঘিরে ফের আলোচনায় উঠে এসেছে বিলকিস বানো মামলা। তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশে তাদের দোষী সাব্যস্ত করার রায় বাতিল হয়নি। আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাবজ্জীবন সাজা স্থগিত রেখে জামিন দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment